বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল, ধানমন্ডি কাঁচাবাজার ও রায়েরবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে চড়া মূল্যের এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, খুচরা বাজারে গত কয়েক দিনের ব্যবধানে পেঁয়াজের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। কোনো কোনো দোকানে মানভেদে প্রতি কেজি পেঁয়াজ ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। তবে আকারে কিছুটা ছোট পেঁয়াজ ৫৫ টাকায় মিললেও ভালো মানের পেঁয়াজ ৬০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না।
বিক্রেতাদের দাবি, মৌসুমের শেষের দিকে সরবরাহ কমে যাওয়া এবং পরিবহন খরচ বৃদ্ধির কারণে পাইকারি বাজারে দাম বেড়েছে। পেঁয়াজ বিক্রেতা হাসান মাহমুদ জানান, গত দুই-তিন দিন ধরেই দাম উর্ধ্বমুখী। রমজানকে কেন্দ্র করে পাইকারি পর্যায়ে চাহিদা বেড়ে যাওয়ায় খুচরা বাজারে এর সরাসরি প্রভাব পড়েছে। পাইকারি মোকামে দাম কয়েক দফা বাড়ায় খুচরা বিক্রেতারাও দাম সমন্বয় করতে বাধ্য হচ্ছেন।
এদিকে বাজারের এই পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। মারুফ হোসেন নামে এক ক্রেতা অভিযোগ করেন, রমজান এলেই ব্যবসায়ীদের সাধারণ মানুষের পকেট কাটার প্রবণতা বেড়ে যায়। গত সপ্তাহে যে পেঁয়াজ ১০০ টাকার নিচে দুই কেজি পাওয়া যেত, আজ তার দাম চাওয়া হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা।
নিম্নআয়ের মানুষের ওপর এই দাম বৃদ্ধির প্রভাব আরও প্রকট। রিকশাচালক মো. শুক্কুর আল আমিন জানান, দুদিন আগে তিনি ভ্যান থেকে ৫০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছিলেন। কিন্তু বর্তমান বাজার দর দেখে তিনি শঙ্কিত। ব্যবসায়ীরা রোজা এলেই পরিকল্পিতভাবে দাম বাড়িয়ে দেয় বলে মন্তব্য করেন তিনি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...