Logo Logo

গোপালগঞ্জে সরকারি জমি দখল করে হাসান খানের ৮টি দোকান নির্মাণ


Splash Image

গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর বাজারে সরকারি জমি দখল করে ইটের গাঁথুনি দিয়ে ৮টি পাকা দোকান নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় ব্যবসায়ী ও খান স্টোরের মালিক হাসান খানের বিরুদ্ধে। প্রকাশ্য দিবালোকে সরকারি সম্পত্তি গ্রাসের এই ঘটনায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।


বিজ্ঞাপন


সরেজমিনে উলপুর বাজার পরিদর্শনে গিয়ে দেখা যায়, সরকারি জায়গা দখল করে পুরোদমে নির্মাণকাজ চালানো হয়েছে। তবে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত হাসান খান এলাকা ছেড়ে সটকে পড়েন। পরবর্তীতে তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

স্থানীয়দের অভিযোগ, হাসান খান প্রভাব খাটিয়ে বাজারের সরকারি জায়গা দখল করেছেন। এর ফলে বাজারের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে এবং সরকারি সম্পত্তি বেহাত হওয়ার ঝুঁকি বাড়ছে। দ্রুত এই অবৈধ স্থাপনা উচ্ছেদ না করা হলে ভবিষ্যতে আরও দখলবাজির ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

এ বিষয়ে উলপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মোহাম্মদ মুহসীন শেখ জানান, প্রশাসনের পক্ষ থেকে অবৈধ নির্মাণকাজ বন্ধ রাখার জন্য হাসান খানকে একাধিকবার নোটিশ প্রদান করা হয়েছে। কিন্তু তিনি সরকারি নির্দেশ তোয়াক্কা না করেই নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে অবৈধ স্থাপনা অপসারণ করা হবে।

সচেতন মহলের দাবি, সরকারি জমি রক্ষায় আইন প্রয়োগে শৈথিল্য দেখানো হলে দখলদাররা আরও বেপরোয়া হয়ে উঠবে। তাই দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...