Logo Logo

কুর্মিটোলায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ সদস্য আহত


Splash Image

রাজধানীর কুর্মিটোলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের একটি টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে মো. এনামুল নামে পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন। ঘটনার পরপরই অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বিমানবন্দর সড়কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এ হামলার ঘটনা ঘটে।

ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মোটরসাইকেল মিছিল থেকে আর্মি গলফ ক্লাবের সামনে দায়িত্ব পালনরত পুলিশের একটি টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। এতে গাড়িতে থাকা চালক পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।

ওসি আরও জানান, আহত পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িত মোটরসাইকেল আরোহীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, বনানীর দিক থেকে ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলের একটি বহর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কুড়িল বিশ্বরোডের দিকে যাচ্ছিল। বহরটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে ক্যান্টনমেন্ট থানা পুলিশের ‘গলফ ক্লাব-৮৩’ টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। ওই গাড়িটি তখন দায়িত্ব পালন করছিল।

ককটেল বিস্ফোরণে গাড়ির চালক কনস্টেবল মো. এনামুলের বাম চোখে সামান্য আঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে তাকে আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদের নির্দেশে ঝটিকা মিছিলটি বের করা হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা শুরু হলে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...