Logo Logo

গোপালগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে জোরপূর্বক জমি দখলের অভিযোগ


Splash Image

গোপালগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে এক অসহায় চা বিক্রেতার জমি জোরপূর্বক দখল ও পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। প্রতিবেশী শামসুন্নাহার পলি নামের এক নারীর বিরুদ্ধে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণের মাধ্যমে জমি দখলের এই অভিযোগ তুলেছেন ভুক্তভোগী ইসমাইল হোসেন।


বিজ্ঞাপন


ইসমাইল হোসেন সাংবাদিকদের জানান, তিনি পেশায় একজন সাধারণ চা দোকানদার এবং অনেক কষ্টে উপার্জিত অর্থ দিয়ে কেনা এই সামান্য জমিটুকুই তার একমাত্র সম্বল। অভিযুক্ত পলি বেগম ইসমাইলের নিজস্ব জমির ভেতর প্রায় ৩ ফুট জায়গা দখল করে ভবন নির্মাণ করছেন।

ভুক্তভোগীর দাবি, এই অবৈধ দখলের প্রতিবাদ করায় তাকে ও তার পরিবারকে প্রতিনিয়ত জানে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে তিনি একাধিকবার গোপালগঞ্জ পৌরসভায় লিখিত দরখাস্ত জমা দিলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন।

এলাকাবাসীর সূত্রমতে, অভিযুক্ত পক্ষ প্রভাবশালী হওয়ায় তারা প্রকাশ্যে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে, যা স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। বর্তমানে ইসমাইল হোসেন ও তার পরিবার চরম দুশ্চিন্তা ও নিরাপত্তাহীনতার মধ্যে দিনাতিপাত করছেন।

ইসমাইল হোসেন প্রশাসনের কাছে জোর দাবি জানিয়ে বলেন, তিনি একজন অসহায় মানুষ হিসেবে কেবল ন্যায়বিচার চান। অবৈধ দখল উচ্ছেদ করে তার জমি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিনি আকুল আবেদন জানিয়েছেন।

সচেতন মহলের মতে, ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের সম্পদ দখল কাম্য নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমেই এই সমস্যার সমাধান সম্ভব বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...