Logo Logo

জাপানে চাকরির প্রলোভনে ১৬ লাখ টাকা নেওয়ার অভিযোগ, আদালতে মামলা


Splash Image

জাপানে পাঠানোর আশ্বাস ও উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে উল্টো মারধর ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রভাষ মণ্ডল (৩৫)।


বিজ্ঞাপন


এই ঘটনায় সুবিচারের আশায় আদালতের দ্বারস্থ হয়ে মামলা (সি.আর. মামলা নম্বর ৫৪৮/২০২৬) দায়ের করেছেন ভুক্তভোগী।

মামলা সূত্রের তথ্য অনুযায়ী, ভুক্তভোগী প্রভাষ মণ্ডল গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার বরইহাটি এলাকার বাসিন্দা। মামলায় অভিযুক্তরা হলেন—একই এলাকার বিপ্রদাস মণ্ডল, বিতুল মণ্ডল (৩২) এবং বীরেন মণ্ডল (৫৫)।

মামলার আরজিতে উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তিরা জাপানে উচ্চ বেতনে চাকরির লোভনীয় আশ্বাস দিয়ে প্রভাষ মণ্ডল ও তার সঙ্গীয় আরও দুইজনের কাছ থেকে মোট ১৬ লাখ টাকা গ্রহণ করেন। তবে দীর্ঘ দিন পার হয়ে গেলেও বিদেশে প্রেরণের কোনো অগ্রগতি না হওয়ায় ভুক্তভোগীরা তাদের জমাকৃত টাকা ফেরত দেওয়ার জোর দাবি জানান।

অভিযোগে আরও বলা হয়, গত ৭ অক্টোবর প্রভাষ মণ্ডল টাকা ফেরত পেতে অভিযুক্তদের বাড়িতে যান। ওই সময় টাকা ফেরত দেওয়ার মৌখিক আশ্বাস দেওয়া হলেও পরবর্তী সময়ে তা পরিশোধ করা হয়নি। পরবর্তীতে তিনি আবারও পাওনা টাকার বিষয়ে যোগাযোগ করলে তাকে শারীরিক নির্যাতন (মারধর) করা হয় এবং বিষয়টি নিয়ে আর না বাড়াতে প্রাণনাশের হুমকি প্রদর্শন করা হয়।

ভুক্তভোগী প্রভাষ মণ্ডল জানান, স্থানীয়ভাবে টাকা উদ্ধারের বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত তিনি আইনের আশ্রয় নিয়েছেন এবং অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন।

তবে মামলায় আনীত এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে অভিযুক্ত পক্ষদ্বয়ের কোনো বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি; তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...