Logo Logo

আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল, নতুন গভর্নর মোস্তাকুর রহমান


Splash Image

গ্রাফিক্স : ভোরের বাণী।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের ১৪তম গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মো. মোস্তাকুর রহমানকে।


বিজ্ঞাপন


বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিলের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের ১৩ আগস্ট জারি করা প্রজ্ঞাপনমূলে তাকে যে নিয়োগ দেওয়া হয়েছিল, তার অবশিষ্ট মেয়াদ জনস্বার্থে বাতিল করা হয়েছে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করলে ১৩ আগস্ট আহসান এইচ মনসুরকে এই পদে নিয়োগ দিয়েছিল তৎকালীন প্রশাসন।

পৃথক প্রজ্ঞাপনে নতুন গভর্নর মোস্তাকুর রহমানের নিয়োগের বিষয়ে বলা হয়েছে, মো. মোস্তাকুর রহমান এফসিএমএকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৪ (চার) বছরের জন্য নিয়োগ দেওয়া হলো। গভর্নর হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন।

মোস্তাকুর রহমান বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্য এবং হেরা সোয়েটার্স নামে একটি পোশাক কারখানার মালিক।

এর আগে বুধবার দুপুরে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে—এমন খবর ছড়িয়ে পড়লে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই কেন্দ্রীয় ব্যাংক ত্যাগ করেন ড. আহসান এইচ মনসুর।

অফিস থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, "আমি পদত্যাগ করিনি, তবে খবরে শুনেছি।" তার এই আকস্মিক প্রস্থানের পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সকাল থেকে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করলেও দুপুরের দিকে অপসারণের খবর বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই তিনি সহকর্মী বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই ব্যাংক থেকে বিদায় নেন।

সরকারের এই নতুন আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...