Logo Logo

তরুণদের প্রত্যাশায় পরিবর্তনের হাওয়া : ভোলার লালমোহনে আলোচনায় স্থানীয় নির্বাচন


Splash Image

জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পর সারা দেশের মতো ভোলার লালমোহনেও বইতে শুরু করেছে স্থানীয় সরকার নির্বাচনের নতুন আমেজ। সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই সম্ভাব্য প্রার্থীরা মাঠপর্যায়ে নিজেদের অবস্থান জানান দিতে শুরু করেছেন। সামাজিক ও ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতির মাধ্যমে তারা জনমত গঠনের চেষ্টা চালাচ্ছেন।


বিজ্ঞাপন


বর্তমানে পবিত্র রমজান মাস চলায় সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হচ্ছেন। কেউ কেউ বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় করছেন, আবার কেউ ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে দোয়া ও সমর্থন চেয়ে পোস্ট দিচ্ছেন। প্রার্থীদের পাশাপাশি তাদের কর্মী-সমর্থকরাও নিয়মিত প্রচারণামূলক পোস্ট দিয়ে নির্বাচনি আবহ তৈরি করছেন, যা একটি প্রতিযোগিতাপূর্ণ নির্বাচনের স্পষ্ট আভাস দিচ্ছে।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এবং তরুণ প্রজন্মের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা এবার গতানুগতিক ধারার রাজনীতির বাইরে গিয়ে সৎ, শিক্ষিত ও গ্রহণযোগ্য ব্যক্তিদের জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান। বিশেষ করে ‘২৪-এর জুলাই বিপ্লব’-এর চেতনা ও তরুণদের আকাঙ্ক্ষা ধারণ করতে সক্ষম নেতৃত্বের প্রতি তাদের প্রবল প্রত্যাশা লক্ষ্য করা গেছে। তরুণ ভোটারদের মতে, এলাকার উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হলে ইতিবাচক ও দূরদর্শী নেতৃত্ব অপরিহার্য।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাধারণ ভোটাররা এখন আর কেবল আশ্বাসে সীমাবদ্ধ থাকতে চান না; তারা সর্বক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন চান। সমাজের শৃঙ্খলা রক্ষা, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো এবং মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করতে পারবেন—এমন প্রার্থীদের প্রতিই জনসমর্থন বাড়ছে। পরিচ্ছন্ন ভাবমূর্তি, উচ্চতর শিক্ষাগত যোগ্যতা এবং সামাজিক গ্রহণযোগ্যতাই আসন্ন নির্বাচনে জয়-পরাজয়ের মূল নিয়ামক হয়ে উঠবে বলে তারা মনে করছেন।

সব মিলিয়ে লালমোহনের রাজনৈতিক অঙ্গনে এখন উৎসবমুখর ও প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ বিরাজ করছে। সম্ভাব্য প্রার্থীদের আগাম দৌড়ঝাঁপ এবং ভোটারদের আকাশচুম্বী প্রত্যাশা—এই দুইয়ের সমন্বয়ে স্থানীয় নির্বাচনে এক নতুন সমীকরণ তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, তরুণদের এই পরিবর্তনের আকাঙ্ক্ষা শেষ পর্যন্ত ভোটের মাঠে কতটা প্রতিফলিত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...