Logo Logo

পরলোকে গোপালগঞ্জের প্রখ্যাত সংগীত সাধক ওস্তাদ অনিল কুমার বিশ্বাস


Splash Image

গোপালগঞ্জের সাংস্কৃতিক জগতের অভিভাবক এবং জেলা শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ওস্তাদ অনিল কুমার বিশ্বাস পরলোক গমন করেছেন।


বিজ্ঞাপন


গতকাল বুধবার (৪ মার্চ) বিকেলে গোপালগঞ্জ সদর হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে এই গুণী সংগীত সাধকের মরদেহ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আনা হলে সেখানে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় গুরুকে শেষ বিদায় জানাতে সেখানে ঢল নামে তার অগণিত শিষ্য, অনুরাগী ও সাংস্কৃতিক কর্মীদের।

জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত ও সাবেক কালচারাল অফিসার মামুন সালেহ মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় আরও শ্রদ্ধা জানান সাবেক জেলা শিল্পকলা সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন হাসান, ওস্তাদজির ঘনিষ্ঠ সহচর শিব শঙ্কর অধিকারী, উদীচী জেলা সংসদের সভাপতি নাজমুল ইসলাম এবং চন্দ্রিমা শিল্পী গোষ্ঠীর সভাপতি কবি শেখ ফরিদ আহমেদ।

এছাড়াও ত্রিবেণী গণ সাংস্কৃতিক সংস্থার অধ্যক্ষ রাখাল ঠাকুর, গোপালগঞ্জ থিয়েটারের সভাপতি আব্দুস সবুরসহ সুর সন্ধান, সুর সঙ্গম ও অনুনাদ শিল্পী গোষ্ঠীর নেতৃবৃন্দ এবং তার প্রিয় শিষ্যা কণ্ঠশিল্পী নিপর্ণা বিশ্বাস ও শাহনাজ রেজা এ্যানি পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানান।

স্মৃতিচারণ করতে গিয়ে সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বলেন, ওস্তাদ অনিল কুমারের প্রয়াণ গোপালগঞ্জের সাংস্কৃতিক ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন শুদ্ধ সংগীত চর্চার এক জীবন্ত বাতিঘর। কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত জানান, ওস্তাদজির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে শীঘ্রই স্মরণসভা ও তার জীবন-কর্মের ওপর বিশেষ স্মরণিকা প্রকাশ করা হবে।

শিল্পকলা একাডেমিতে শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ গোপালগঞ্জ পৌর মহাশ্মশানে নিয়ে যাওয়া হয়। সেখানে বিপুল সংখ্যক গুণগ্রাহী ও স্বজনদের উপস্থিতিতে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। তার মৃত্যুতে পুরো জেলার সাংস্কৃতিক মহলে শোকের কালো ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...