Logo Logo

২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী


Splash Image

দেশে চলমান জ্বালানি সংকট বিবেচনায় ও কৃচ্ছ্রসাধনের লক্ষ্যে এবারের ২৬ মার্চ স্বাধীনতা দিবসে দেশব্যাপী কোনো ধরনের আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।


বিজ্ঞাপন


রোববার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঐতিহ্যগতভাবে এই দিবসে আলোকসজ্জা করা হলেও বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয় করা জরুরি। তাই উদ্ভূত পরিস্থিতিতে ‘ফুয়েল ক্রাইসিস’ এড়াতে এবং রাষ্ট্রীয় কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে এবার কোনো আলোকসজ্জা করা হবে না। নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তর ও জনসাধারণের সহযোগিতা কামনা করেন তিনি।

২৫ মার্চ গণহত্যা দিবস পালন প্রসঙ্গে মন্ত্রী জানান, দিনটি অত্যন্ত ভাবগাম্ভীর্য ও মর্যাদার সাথে পালন করা হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রধান সমন্বয়কারী হিসেবে কাজ করলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি দেখাশোনা করবে। ২৬ মার্চ প্রত্যুষে সাভার স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিশিষ্টজনদের পুষ্পমাল্য অর্পণ এবং যাতায়াত নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে বলেও তিনি জানান।

আসন্ন ঈদযাত্রার প্রস্তুতি সম্পর্কে সালাহউদ্দিন আহমদ বলেন, ঘরমুখো মানুষের যাতায়াত সহজ করতে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপিকে ফোকাল পয়েন্ট হিসেবে নির্ধারণ করা হয়েছে, যিনি বিজিএমইএ, বিকেএমইএ এবং শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করবেন।

গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা প্রসঙ্গে তিনি জানান, মালিকপক্ষ ঈদের আগেই বেতন ও বোনাস পরিশোধে আন্তরিক। কোনো সমস্যা দেখা দিলে তা আগেভাগেই সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।

মব জাস্টিস বা গণপিটুনি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "মব কালচার বাংলাদেশ থেকে বিলুপ্ত হবে।" তিনি বিচ্ছিন্ন অপরাধের সঙ্গে মব জাস্টিসকে গুলিয়ে না ফেলার আহ্বান জানান।

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যার উদাহরণ টেনে তিনি বলেন, অপরাধীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। সরকার এ ধরনের প্রতিটি ঘটনায় কঠোর অবস্থানে রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...