Logo Logo

মোল্লাহাটে দুর্বৃত্তদের গুলিতে শ্রমিক লীগ নেতা নিহত


Splash Image

বাগেরহাটের মোল্লাহাটে দুর্বৃত্তদের গুলিতে সোহাগ শেখ (৪২) নামে এক শ্রমিক লীগ নেতা নিহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের গাড়ফা পানের হাটের সামনে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সোহাগ শেখ উদয়পুর ইউনিয়নের দৈবকান্দী গ্রামের দাউদ শেখের ছেলে। তিনি মোল্লাহাট উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন সোহাগ শেখ। রাত সাড়ে ১০টার দিকে তিনি গাড়ফা পানের হাট এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে আসা চার-পাঁচজন অজ্ঞাত দুর্বৃত্ত তার পথরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এসে সোহাগ শেখকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা সোহাগ শেখকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান শুরু হয়েছে।

​এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোক ও তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি। তবে রাজনৈতিক কোনো দ্বন্দ্ব নাকি ব্যক্তিগত শত্রুতা থেকে এই হামলা চালানো হয়েছে, তা খতিয়ে দেখছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...