ভুক্তভোগী চালক তুহিন মুন্সি।
বিজ্ঞাপন
গতকাল রবিবার (১৫ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার সাজাইল ইউনিয়নের নিচু মাজরা গ্রাম সংলগ্ন সীমান্ত এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী চালক তুহিন মুন্সি সাজাইল ইউনিয়নের নিচু মাজরা গ্রামের লিয়াকত মুন্সির ছেলে। প্রতিদিনের মতো রোববার সন্ধ্যায় তিনি সাজাইল বাজারে ভাড়ার অপেক্ষায় ছিলেন। এ সময় একই গ্রামের রিপনের ছেলে মাসুদসহ আরও দুইজন তার ইজিবাইকটি ভাড়া করেন।
অভিযোগে জানা গেছে, অভিযুক্তরা প্রথমে তাকে ঘোনাপাড়া ও পরবর্তীতে ভাটিয়াপাড়া বাজার এলাকায় নিয়ে ঘোরাঘুরি করেন। রাত ৯টার দিকে কৌশলে তুহিনকে পাশের আলফাডাঙ্গা উপজেলার টিটেফানাইল গ্রামের একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়।
সেখানে পৌঁছানোর পর দুর্বৃত্তরা চালক তুহিনের মুখ, হাত ও পা বেঁধে ফেলে। এ সময় তাকে ব্যাপক মারধর করে রাস্তার পাশে ফেলে রেখে তারা ইজিবাইকটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন আহত তুহিনের গোঙানির শব্দ শুনে তাকে উদ্ধার করেন।
আহত চালককে গুরুতর অবস্থায় কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। একই গ্রামের পরিচিত মানুষের মাধ্যমে এ ধরনের অপরাধ সংঘটিত হওয়ায় এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, সম্প্রতি এলাকায় ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। নিচু মাজরা গ্রামের সচেতন নাগরিকরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত মাসুদসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...