Logo Logo

দেশে ফিরে সংকটে পড়া প্রবাসীদের মুখে হাসি ফোটাল প্রবাসবন্ধু ফোরাম


Splash Image

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে বিদেশফেরত ক্ষতিগ্রস্ত ও অসহায় কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘জামালগঞ্জ প্রবাসবন্ধু ফোরাম’। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। প্রবাসীদের পুনর্বাসনের লক্ষ্যে নেওয়া তাদের এই মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।


বিজ্ঞাপন


মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত অবস্থায় নানা কারণে অনেক বাংলাদেশি কর্মী রিক্ত হস্তে দেশে ফিরে আসতে বাধ্য হন। দেশে ফিরে তারা চরম অর্থনৈতিক ও সামাজিক সংকটের মুখে পড়েন। মূলত এসব অসহায় রেমিট্যান্স যোদ্ধাদের পুনর্বাসন এবং সমাজে পুনরায় সম্পৃক্ত করতে কাজ করে যাচ্ছে প্রবাসবন্ধু ফোরাম। তারই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে বাছাই করে মোট ৮ জন বিদেশফেরত ক্ষতিগ্রস্ত ব্যক্তির হাতে এবারের ঈদ উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রবাসবন্ধু ফোরামের সভাপতি মো. আফছার উদ্দিন বলেন, "দেশে ফিরে আসা ক্ষতিগ্রস্ত শ্রমিকদের স্বাভাবিক জীবনে ফেরাতে আমরা নিরলসভাবে কাজ করছি। এই ঈদ উপহার বিতরণ কার্যক্রম সেই ধারাবাহিকতারই একটি অংশ, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।" সংগঠনটির সাধারণ সম্পাদক মো. রুবেল আহমেদ বলেন, "বিদেশফেরত অসহায়দের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন মানবিক কার্যক্রম পরিচালনা করা হবে বলে আমরা আশাবাদী।"

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার পাবেল কান্তি সরকার, প্রবাসবন্ধু ফোরামের সাংগঠনিক সম্পাদক মো. ইমান হোসেন, তথ্য ও প্রচার সম্পাদক বাদল কৃষ্ণ দাস, সদস্য সাইদুল ইসলাম ও রূপক দাশ (বাপ্টু) সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঈদকে সামনে রেখে এমন সহায়তা পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের মতে, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ অন্যদেরও মানবিক কাজে উদ্বুদ্ধ করবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...