Logo Logo

সুনামগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে লঞ্চঘাটে দৃষ্টিনন্দন যাত্রী ছাউনি মেঘবাড়ীর উদ্বোধন করলেন জেলা প্রশাসক


Splash Image

সুনামগঞ্জ শহরের অন্যতম ব্যস্ত যোগাযোগ কেন্দ্র লঞ্চঘাট সংলগ্ন পূর্ব ইব্রাহীমপুর খেয়াঘাটে সাধারণ যাত্রীদের দীর্ঘদিনের চরম ভোগান্তির অবসান ঘটেছে। নদী পারাপার হওয়া শত শত শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, নারী ও শিশুদের রোদ-বৃষ্টির কষ্ট থেকে মুক্তি দিতে সেখানে নির্মাণ করা হয়েছে ‘মেঘবাড়ী’ নামের একটি দৃষ্টিনন্দন ও আধুনিক যাত্রী ছাউনি। বুধবার (১৮ মার্চ) সকালে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই ছাউনিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।


বিজ্ঞাপন


লঞ্চঘাট এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা ও দখলদারিত্বের কারণে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ভোগান্তি ছিল সবচেয়ে বেশি। এই দুর্ভোগ লাঘবে জেলা প্রশাসন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে একটি আধুনিক বসার জায়গা নির্মাণের উদ্যোগ নেয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, "আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এখানে একটি আধুনিক যাত্রী ছাউনি নির্মাণ করা হবে। অল্প সময়ের মধ্যেই পূর্ব ইব্রাহীমপুরবাসীর জন্য ঈদের উপহার হিসেবে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পেরে আমি আনন্দিত।"

নতুন এই স্থাপনাটির রক্ষণাবেক্ষণ নিয়ে কঠোর হুঁশিয়ারিও উচ্চারণ করেন জেলা প্রশাসক। তিনি বলেন, "এই মেঘবাড়ী শুধু একটি স্থাপনা নয়, এটি এই এলাকার মানুষের সম্পদ ও স্বাচ্ছন্দ্যের প্রতীক। কেউ যদি এখানে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, দখলদারিত্ব বা নোংরা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।" তিনি স্থানীয় জনগণকে এই আধুনিক স্থাপনাটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করার আহ্বান জানান।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পালের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও দোয়া পরিচালনা করেন প্রবীণ সাংবাদিক আকরাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক অসীম চন্দ্র বনিক, অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান এবং সহকারী প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম কয়েস। দীর্ঘ প্রতীক্ষার পর বৃষ্টি ও রোদে মাথা গোঁজার এমন একটি সুন্দর ঠাঁই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...