Logo Logo

ঈদের আনন্দ ভ্রমণ মর্মান্তিক মৃত্যুতে পরিণত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত, আহত ২


Splash Image

ঈদের আনন্দে ঘুরতে যাওয়ার পথে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক তরুণ নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। রোববার দুপুরে সুনামগঞ্জ–দিরাই সড়কের শান্তিগঞ্জ উপজেলার গাগলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত সাফিকুল ইসলাম (২৮) উপজেলার শিমুলবাক ইউনিয়নের মুক্তাখাই গ্রামের মৃত উকিল আলীর ছেলে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাফিকুল ইসলাম দুই বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে তাহিরপুর উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র শিমুল বাগান ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে নিজ গ্রাম থেকে রওনা দেন। পথে গাগলী এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনায় মোটরসাইকেলটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং সাফিকুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে সাইদুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত গুলজার আহমদ বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আমজাদ হোসেন জানান, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে এবং অন্য একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেটে পাঠানো হয়েছে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ অলি উল্যাহ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

ঈদের আনন্দঘন সময়ে এমন দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মতে, অতিরিক্ত গতি ও অসাবধানতার কারণে সড়কে দুর্ঘটনা বেড়েই চলেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...