বিজ্ঞাপন
বুধবার (২৫ মার্চ) বিকেলে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় ‘সৌহার্দ্য পরিবহন’ নামের বাসটি এই দুর্ঘটনার শিকার হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাসটি ফেরিঘাট এলাকায় পৌঁছালে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে বাসটি তীব্র গতিতে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। এ সময় বাসের ভেতরে থাকা যাত্রীদের গগনবিদারী চিৎকারে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত উদ্ধারের চেষ্টা চালালেও বাসটি দ্রুত পানিতে তলিয়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়েই ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার কাজে অংশ নিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর শক্তিশালী উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। নিখোঁজ যাত্রীদের সন্ধানে ডুবুরি দল ও উদ্ধারকারী জাহাজটি সমন্বিতভাবে কাজ চালাচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটিতে আনুমানিক ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিলেন। বাসটি পানিতে পড়ার পরপরই জানালা দিয়ে মাত্র ৮ থেকে ৯ জন যাত্রী কোনোমতে বের হয়ে সাঁতরে কূলে উঠতে সক্ষম হয়েছেন। তবে বাকি যাত্রীদের ভাগ্যে কী ঘটেছে, সে সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু বলা সম্ভব হচ্ছে না। নিখোঁজ যাত্রীদের স্বজনদের আহাজারিতে ফেরিঘাট এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।
রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নদীতে স্রোত থাকায় উদ্ধার কাজ কিছুটা চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। তবে উদ্ধারকারী জাহাজ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। বাসের ভেতরে ঠিক কতজন আটকা পড়ে আছেন, তা বাসটি পানি থেকে উপরে তোলার পর নিশ্চিত হওয়া যাবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...