Logo Logo

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮


Splash Image

নিহত তরুণ মো. নিরব (২৬)।

নোয়াখালী সদর উপজেলায় মাদক সংক্রান্ত বিরোধের জেরে মো. নিরব (২৬) নামে এক তরুণকে কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশ ৮ জনকে গ্রেপ্তার করেছে।


বিজ্ঞাপন


আজ সোমবার (৩০ মার্চ) বিকেলে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, গত রবিবার (২৯ মার্চ) দুপুরের দিকে উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব মাইজচরা গ্রামের বাংলাবাজার সংলগ্ন এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নিরব ওই গ্রামের আব্দুল গনির ছেলে এবং পেশায় একজন স’মিল শ্রমিক ছিলেন। পরে ওইদিন সন্ধ্যায় নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরব বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন। কিছুদিন আগে মাদক নিয়ে একই গ্রামের ইটভাটা শ্রমিক রুবেল মাঝির (২৮) ভাতিজার সাথে নিরবের বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধের জের ধরে গত রবিবার সকাল ১০টার দিকে নিরব তার সহযোগীদের নিয়ে রুবেল মাঝির ওপর হামলা চালায়। এতে রুবেলের কয়েকজন অনুসারী আহত হন। পরবর্তীতে পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে নিরব প্রতিপক্ষের হাতে ধরা পড়লে তাকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেও সন্ধ্যায় তার মৃত্যু নিশ্চিত হয়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, এই ঘটনায় নিহতের পিতা আব্দুল গনি রবিবার রাতে ২২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিকভাবে ২ জনকে এবং পরবর্তীতে রাতভর অভিযান চালিয়ে আন্ডারচর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আরও ৬ জনকে গ্রেপ্তার করে।

বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে এবং মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে থানা সূত্রে জানানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...