Logo Logo

জামিনের শর্ত ভঙ্গ : গায়ক মাইনুল আহসান নোবেল কারাগারে


Splash Image

বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে হেনস্তা, আপত্তিকর ছবি তৈরির চেষ্টা এবং প্রতারণার মাধ্যমে ১৩ লাখ টাকা আত্মসাতের মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ এই নির্দেশ প্রদান করেন।

বাদীপক্ষের আইনজীবী নাসিদুস জামান নিশান (প্রিন্স) বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি নোবেল জামিন পাওয়ার ক্ষেত্রে আদালতের দেওয়া আপসের শর্ত ভঙ্গ করেছেন। শর্ত অনুযায়ী বাদীকে বিয়ে করার কথা থাকলেও তিনি তা করেননি এবং আত্মসাৎকৃত টাকাও ফেরত দেননি। ফলে বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে ২৪ ফেব্রুয়ারি একই আদালত ২ এপ্রিল পর্যন্ত তাকে আপসের শর্তে জামিন দিয়েছিলেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, গত বছরের ১৩ আগস্ট গায়ক নোবেল, তার মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া এবং তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী তরুণী আনাননিয়া শবনম রোজ (অনন্যা)।

মামলায় অভিযোগ করা হয়, ২০২৩ সালের আগস্ট থেকে পরবর্তী এক বছর সময়ে নোবেল প্রেমের ফাঁদে ফেলে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীর কাছ থেকে ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা আত্মসাৎ করেন। এছাড়া তাকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টার অভিযোগও আনা হয়েছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এই মামলার তদন্ত করে গত ৭ জানুয়ারি পাঁচজনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে। গত ২ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বর্তমানে প্রধান অভিযুক্ত নোবেলকে কারাগারে পাঠানোর মাধ্যমে মামলার আইনি প্রক্রিয়া পরবর্তী ধাপে গড়ালো।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...