Logo Logo

রুমিন ফারহানার এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন


Splash Image

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিতে পারেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা—এমন গুঞ্জন এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে।


বিজ্ঞাপন


দলীয় সূত্রে জানা গেছে, চলতি মাসের মধ্যেই তিনি আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিতে পারেন। যদিও বিষয়টি এখনও নিশ্চিত হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ‘জুলাই আন্দোলন’-এর পক্ষের শক্তিকে এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে এনসিপি। এই লক্ষ্যেই বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে দলটি।

এ প্রসঙ্গে জানা গেছে, সাবেক বিএনপি নেত্রী ও বর্তমান স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছেন এনসিপির শীর্ষ নেতারা। তবে তার যোগদানের বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়েই রয়েছে।

এ বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ বলেন, “আমরা অনেকের সঙ্গেই আলোচনা করছি। রুমিন আপার যোগদানের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।” রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে, রুমিন ফারহানা যদি এনসিপিতে যোগ দেন, তাহলে তা দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। বিশেষ করে বিরোধী রাজনীতির ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হতে পারে।

উল্লেখ্য, রুমিন ফারহানা দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তার রাজনৈতিক অবস্থান পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আগ্রহ বাড়ছে সাধারণ জনগণ ও রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে।

সব মিলিয়ে, এনসিপিতে তার সম্ভাব্য যোগদান নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও গুঞ্জন ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন কৌতূহল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...