বিজ্ঞাপন
এ ঘটনায় অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। পরে তাঁদের এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার (৩১ অক্টোবর) বিকেলে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার মঠবাড়ী ইউনিয়নের চর বাগড়ি এলাকার মৃত মৌজে আলী মৃধার ছেলে মো. জাকির মৃধা, সাতুরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো. সেলিম হাওলাদারের ছেলে মো. অলিউর রহমান, রাজাপুর সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোকছেদ আলী হাওলাদারের ছেলে মো. হেমায়েত উদ্দিন হাওলাদার এবং একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত ইসমাইল হাওলাদারের ছেলে মো. কবির হোসেন হাওলাদার।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের চর বাগড়ি এলাকার একটি বসতবাড়িতে ব্যানার ও ফেস্টুন নিয়ে সমবেত হন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাঁরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালে সমবেত ব্যক্তিরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে পালিয়ে যান। এ সময় পুলিশ চারজনকে আটক করে।
এ ঘটনায় রাজাপুর থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. রফিকুল ইসলাম বাদী হয়ে শনিবার বিকেলে থানায় মামলা দায়ের করেন। মামলায় ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে সংঘবদ্ধ হয়েছিলেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, এ ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার বিকেলে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...