Logo Logo

নড়াইলে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ: সংবিধান সংস্কার পরিষদ গঠন ও গণভোটের দাবি


Splash Image

সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং গণভোটের মাধ্যমে তা বাস্তবায়নের দাবিতে নড়াইলে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ১১ দলীয় ঐক্য।


বিজ্ঞাপন


রবিবার (১২ এপ্রিল) বিকেলে জেলা শহরে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিয়ে ব্যানার-ফেস্টুনসহ একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাস টার্মিনাল এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন নড়াইল জেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার জাকির হোসেন বিশ্বাস এবং জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।

বক্তব্যে মাওলানা ওবায়দুল্লাহ কায়সার বলেন, সংবিধানের দোহাই দিয়ে জনগণের মতামত উপেক্ষা করা হচ্ছে। তিনি দাবি করেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের মতামত বাস্তবায়নের পরিবর্তে নতুন করে ‘ফ্যাসিবাদ প্রতিষ্ঠার’ চেষ্টা চলছে। তিনি বলেন, “জুলাই সনদ এ দেশের জনগণের প্রাণের দাবি। নির্বাচিত প্রতিনিধিদের উচিত সংবিধান সংস্কারের বিষয়ে জনগণের দেওয়া ম্যান্ডেট বাস্তবায়ন করা। অন্যথায় জনগণ আবারও রাজপথে নামতে বাধ্য হবে।”

তিনি আরও বলেন, অতীতে যারা জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে, তাদের পরিণতি থেকে শিক্ষা নেওয়া উচিত।

অপর বক্তা মাস্টার জাকির হোসেন বিশ্বাস বলেন, সরকার বিদেশি প্রভাবের অধীনে থেকে সংবিধানকে ব্যবহার করছে বলে অভিযোগ করেন। তিনি দাবি করেন, সংবিধানের দোহাই দিয়ে জনগণের রায় উপেক্ষা করা হচ্ছে এবং এর মাধ্যমে সহিংসতার পরিস্থিতি তৈরি হতে পারে।

তিনি আরও বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের পরিবর্তে পুরনো সংবিধান সামনে এনে ভিন্ন উদ্দেশ্য হাসিলের চেষ্টা চলছে। তবে দেশের জনগণ তা মেনে নেবে না।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু, সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ মো. আব্দুল্লাহ আল আমিন, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক ড. খান আব্দুস সোবহান এবং যুব বিভাগের সভাপতি মোহাম্মদ খিয়াম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিক্ষোভকারীরা দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং গণভোটের মাধ্যমে জনগণের মতামত বাস্তবায়নের দাবি জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...