Logo Logo

দিরাইয়ে ধান শুকানোর খলা নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ২০


Splash Image

সুনামগঞ্জের দিরাই উপজেলায় বৈশাখী ধান শুকানোর খলা তৈরি কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।


বিজ্ঞাপন


রোববার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বসতবাড়ির সামনের একটি জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের শারদ মিয়া ও সুজন মিয়ার মধ্যে বিরোধ চলছিল। উভয় পক্ষই জমিটির ওপর নিজেদের মালিকানা দাবি করে আসছিলেন। এ নিয়ে একাধিকবার উত্তেজনা সৃষ্টি হলেও স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। তবে বিরোধের স্থায়ী সমাধান না হওয়ায় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠে।

রোববার বিকেলে বৈশাখী মৌসুমের ধান শুকানোর জন্য ওই জমিতে খলা তৈরি করতে গেলে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় সুজন মিয়া ও শারদ মিয়ার পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে সুজন মিয়া (৪৫), ভুজন মিয়া (৪০), রাজ্জাক (৩০), আলমগীর (৩২), কাইয়ুম (৩৫), আলিফ নুর (৩৮), মুলক মিয়া (৫০) ও মুক্তাদির (১৯)-কে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকাবাসী সতর্ক অবস্থানে রয়েছেন।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, ঘটনার বিষয়ে তারা অবগত রয়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশ কাজ করছে এবং অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধ থেকেই এ ধরনের সংঘর্ষের ঘটনা বাড়ছে। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...