Logo Logo

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপন


Splash Image

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।


বিজ্ঞাপন


সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ থেকে শুরু হয়ে শাহজাদপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-২-এ গিয়ে শেষ হয়। রঙিন ব্যানার, ফেস্টুন ও মুখোশে সজ্জিত শোভাযাত্রা বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরে।

শোভাযাত্রা শেষে বৈশাখী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এস. এম. হাসান তালুকদার। তিনি শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, পহেলা বৈশাখ বাঙালির আবহমান সংস্কৃতির এক উজ্জ্বল প্রতীক, যা সব ধর্ম-বর্ণের মানুষের মধ্যে সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, নতুন বছর হোক ন্যায়বিচার, সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার নতুন অঙ্গীকারের সূচনা।

নববর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-২-এ বৈশাখী মেলার আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্টল নিয়ে অংশগ্রহণ করে। উপাচার্য মেলার স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাঙালির সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়। বিকেল ৩টা ৩০ মিনিটে ব্যান্ডদল ‘কৃষ্ণপক্ষ’-এর পরিবেশনায় জমে ওঠে অনুষ্ঠানটি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

দিনব্যাপী এই আয়োজনের মধ্য দিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় পরিবার আনন্দ-উচ্ছ্বাসে নতুন বছরকে বরণ করে নেয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...