বিজ্ঞাপন
সংবাদমাধ্যম আলজাজিরা বাংলাদেশ সময় সোমবার (২৬ অক্টোবর) ভোর সোয়া ৬টার দিকে জানায়, ব্রাজিলের নির্বাচন কমিশনের হিসাবে তখন পর্যন্ত ৯৯ শতাংশ ব্যালট গণনা সম্পন্ন হয়েছে। এতে লুলা দ্য সিলভা পেয়েছেন ৫১ দশমিক ৭৫ শতাংশ ভোট। আর ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৮ দশমিক ২৫ শতাংশ ভোট। ফলাফলের এই ব্যবধানই নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার চিত্র তুলে ধরে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, দুই প্রার্থীর মধ্যে ব্যবধান খুব বেশি না হওয়ায় উভয় শিবিরেই শেষ মুহূর্ত পর্যন্ত চরম উৎকণ্ঠা ও অনিশ্চয়তা বিরাজ করছিল। ফলে চূড়ান্ত ফলের জন্য দুই পক্ষকেই গণনা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।
ফ্লাভিও বলসোনারোর বাবা জেয়ার বলসোনারো ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট। গতবারের নির্বাচনে তাকে পরাজিত করেই প্রেসিডেন্টের দায়িত্বে আসেন বামপন্থি নেতা লুলা দ্য সিলভা।
তবে জেয়ার বলসোনারো ক্ষমতা ছাড়ার পর সামরিক বাহিনীকে দিয়ে অভ্যুত্থান ঘটিয়ে লুলার কাছে দায়িত্ব হস্তান্তরে গড়িমসি করেন। পরবর্তী সময়ে বিভিন্ন আইনি জটিলতায় জড়িয়ে পড়ায় তিনি আর নির্বাচনে অংশ নিতে পারেননি। তার পরিবর্তে এবার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তার ছেলে ও সিনেটর ফ্লাভিও বলসোনারো। শেষ পর্যন্ত বাবার পরাজয়ের প্রতিশোধ নেওয়ার সুযোগ তিনিও কাজে লাগাতে পারেননি।
এর আগে গত ৪ অক্টোবর ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথম দফার ভোটে কোনো প্রার্থীই এককভাবে ৫০ শতাংশ ভোট নিশ্চিত করতে না পারায় নির্বাচন গড়ায় রানঅফে। নিয়ম অনুযায়ী, প্রথম দফায় সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থীই চূড়ান্ত বা রানঅফ ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রথম দফার ভোটে ফ্লাভিও বলসোনারো সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম অবস্থানে ছিলেন। আর লুলা দ্য সিলভা ছিলেন দ্বিতীয়। কিন্তু দ্বিতীয় দফার ভোটে সমীকরণ বদলে যায়। রানঅফে ফ্লাভিওকে পেছনে ফেলে জয় ছিনিয়ে নেন লুলা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ১৯৮৮ সালের পর এবারই প্রথম ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে এমন ঘটনা ঘটেছে, যেখানে প্রথম দফায় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী রানঅফে গিয়ে পরাজিত হয়েছেন।
ফলে প্রথম দফায় পিছিয়ে থেকেও শেষ লড়াইয়ে জয় পাওয়ার মধ্য দিয়ে লুলা দ্য সিলভা ব্রাজিলের রাজনীতিতে আবারও নিজের শক্ত অবস্থানের প্রমাণ দিলেন। অন্যদিকে, প্রথম দফায় এগিয়ে থেকেও চূড়ান্ত লড়াইয়ে পরাজিত হয়ে ফ্লাভিও বলসোনারোর প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন আপাতত থেমে গেল।
সূত্র: বিবিসি, আলজাজিরা, রয়টার্স।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...