Logo Logo

হাউজবোটে কাজ করতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ, তিন ঘণ্টা পর মিলল কাঠমিস্ত্রি রাকিবুলের মরদেহ


Splash Image

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রক্তি নদীতে পানিতে ডুবে রাকিবুল হোসেন (২৬) নামে এক নৌকার কাঠমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।


বিজ্ঞাপন


বুধবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের আনোয়ারপুর বাজার সংলগ্ন নৌকা ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাকিবুল হোসেন মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার বালিগাঁও গ্রামের দিল মোহাম্মদের ছেলে। তিনি বিভিন্ন পর্যটনবাহী হাউজবোটে কাঠের কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে আনোয়ারপুর বাজারের নৌকা ঘাট এলাকায় একটি পর্যটনবাহী হাউজবোটে কাজ করার সময় অসাবধানতাবশত রাকিবুল রক্তি নদীতে পড়ে যান। মুহূর্তের মধ্যেই তিনি স্রোতে তলিয়ে নিখোঁজ হন। স্থানীয়রা প্রাথমিক উদ্ধার চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে খবরটি তাহিরপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়। তবে তাহিরপুরে নিজস্ব ডুবুরি দল না থাকায় সুনামগঞ্জ সদর থেকে ডুবুরি দল আসতে উদ্ধার কার্যক্রম কিছুটা বিলম্বিত হয়।

তাহিরপুর সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রয়ন দে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান তদারকি করা হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ অনুসন্ধানের পর মরদেহটি উদ্ধার করতে সক্ষম হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।

নিহতের সহকর্মী ও স্বজনরা জানান, জীবিকার তাগিদে মুন্সিগঞ্জ থেকে এসে এখানে কঠোর পরিশ্রম করতেন রাকিবুল। তার এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে নদীপথে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...