Logo Logo

বন বিভাগের কর্মীদের গুলিতে জেলে নিহতের অভিযোগ


Splash Image

সুন্দরবনে কাঁকড়া আহরণের সময় বন বিভাগের স্মার্ট পেট্রোল টিমের কর্মীদের গুলিতে আমিনুর রহমান গাজী নামে এক জেলে নিহত হয়েছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। সোমবার (১৮ মে) সকালে সুন্দরবনের খুলনা রেঞ্জের শতমুখি খাল এলাকায় এই ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত আমিনুর রহমান গাজী (৪৫) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা এলাকার বাসিন্দা।

নিহত আমিনুরের সঙ্গে থাকা অন্য জেলেরা দাবি করেন, সকালে তারা সুন্দরবনের শতমুখি খালে কাঁকড়া ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় হঠাৎ বন বিভাগের ‘খুলনা স্মার্ট পেট্রোল টিম’-এর সদস্যরা তাদের ডাক দেন। জেলেরা ভয়ে বা অন্য কোনো কারণে তাৎক্ষণিকভাবে কাছে না গেলে বন বিভাগের সদস্যরা সরাসরি গুলি ছোড়েন বলে অভিযোগ করেন তারা। এতে আমিনুর রহমান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার বিষয়ে বন বিভাগের একটি সংশ্লিষ্ট সূত্র জানায়, সুন্দরবনের ভেতরে বর্তমানে বনদস্যু নির্মূলে যৌথ বাহিনীর বিশেষ অভিযান চলছে। সেখানে বন বিভাগ, কোস্টগার্ডসহ বিভিন্ন বাহিনী একযোগে দায়িত্ব পালন করছে। চলমান এই অভিযানের মধ্যেই এমন ঘটনা ঘটেছে। তবে ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলেও জানানো হয়েছে।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "ঘটনাটি জানার পরপরই আমি খুলনার বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও), সাতক্ষীরার সহকারী বন সংরক্ষক (এসিএফ), শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং স্থানীয় থানাকে বিস্তারিত অবহিত করেছি। বন বিভাগের ডিএফও আমাকে আশ্বস্ত করেছেন যে, সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"

এদিকে অভিযোগের বিষয়ে বন বিভাগের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি। বক্তব্য জানতে সুন্দরবন পশ্চিমের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

সুন্দরবনের গহীন অরণ্যে এক জেলের এমন আকস্মিক ও রহস্যজনক মৃত্যুতে নিহতের পরিবার ও পুরো গাবুরা এলাকায় শোকের পাশাপাশি তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...