Logo Logo

‘দুর্নীতিবিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মূখ্য’: লালমোহনে শিক্ষার্থীদের ছায়া সংসদ


Splash Image

তরুণ প্রজন্মের মাঝে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোলার লালমোহনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে স্কুলপর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২০ মে) সকালে লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বেসরকারি প্রতিষ্ঠান ‘সৃষ্টি মডেল একাডেমি’র হলরুমে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়।


বিজ্ঞাপন


প্রতিযোগিতা উপলক্ষ্যে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাহমুদুল হাসান লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক। দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্নীতি একটি মারাত্মক সামাজিক ব্যাধি, যা দেশের সামগ্রিক উন্নয়নকে বাধাগ্রস্ত করার পাশাপাশি অর্থনৈতিক বৈষম্য বাড়ায় এবং গণতন্ত্রকে দুর্বল করে। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে শক্তিশালী স্বচ্ছতা, জবাবদিহিতা এবং তৃনমূল পর্যায় থেকে নৈতিকতার চর্চা বাড়াতে হবে। বিশেষ করে ছাত্রজীবন থেকেই সৎ ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে লালমোহন উপজেলার ৪টি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে মূল বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। এবারের বিতর্কের মূল বিষয় ছিল— “দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মূখ্য”। প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলো হলো- লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, আশরাফ নগর মাধ্যমিক বিদ্যালয়, লালমোহন ইসলামিয়া মডেল একাডেমি এবং গজারিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়। যুক্তি-তর্কের তুমুল লড়াই শেষে চূড়ান্ত পর্বে ‘লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়’কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ‘গজারিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়’।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বদরপুর মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হারুন, লালমোহন করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক বাশার ইবনে মোমিন এবং লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সিনিয়র সহকারী শিক্ষক রতন গাঙ্গুলী। প্রতিযোগিতা শেষে বিজয়ী, রানার্স আপ ও অংশগ্রহণকারী দলের শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ফকরুল আলম, সাধারণ সম্পাদক কুন্তুলা সিকদার, সদস্য হাফেজ ইমরান রাজিবসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...