Logo Logo

নোবিপ্রবিতে ছাত্রী হলে আপত্তিকর ছবি, ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন


Splash Image

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) হযরত বিবি খাদিজা হলের দেওয়ালে আপত্তিকর ছবি আঁকা এবং নির্মাণ শ্রমিকদের বিরুদ্ধে আবাসিক ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ) ইফতেখার হোসাইন স্বাক্ষরিত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার (২০ মে) হযরত বিবি খাদিজা হলে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয় ঘটনার প্রকৃত সূত্র এবং সত্যতা উদঘাটনের লক্ষ্যে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও হযরত বিবি খাদিজা হলের সহকারী প্রভোস্ট ড. নাহিদ সুলতানাকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন— সহকারী প্রভোস্ট নাজমুন নাহার (সদস্য) এবং তাসনীম আলম (সদস্য সচিব)। গঠিত এই কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে ঘটনার বিস্তারিত তথ্য অনুসন্ধান করে প্রশাসনের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত বুধবার নোবিপ্রবির মেয়েদের আবাসিক হল ‘হযরত বিবি খাদিজা হল’-এর দেওয়ালে কে বা কারা অত্যন্ত আপত্তিকর চিত্র অঙ্কন করে। একই সাথে হলের আশেপাশে কর্মরত নির্মাণ শ্রমিকদের বিরুদ্ধে হলের আবাসিক ছাত্রীদের উদ্দেশ্য করে নানারকম আপত্তিকর মন্তব্য ও উত্ত্যক্ত (ইভটিজিং) করার অভিযোগ ওঠে।

এই খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে আবাসিক নারী শিক্ষার্থীরা তীব্র ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা তাৎক্ষণিকভাবে হলের সামনে জড়ো হয়ে দোষী নির্মাণ শ্রমিকদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল বিক্ষোভ প্রদর্শন করেন। শিক্ষার্থীদের এই আন্দোলনের মুখে পরিস্থিতি শান্ত করতে এবং দোষীদের আইনের আওতায় আনতে দ্রুততম সময়ে তদন্ত কমিটি গঠনের এই পদক্ষেপ নিল নোবিপ্রবি প্রশাসন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...