Logo Logo

নেত্রকোনায় মাদকাসক্ত ছেলের শাবলের আঘাতে প্রাণ গেল মায়ের


Splash Image

মুহা. জহিরুল ইসলাম অসীম, নেত্রকোনাঃ নেত্রকোনা সদর উপজেলায় খাবার দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে মাদকাসক্ত ছেলের শাবলের আঘাতে আবুনি রাজভর ওরফে রুক্সী (৫০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৯ জুন) দুপুরে সদর উপজেলার চল্লিশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় লোকজন অভিযুক্ত ছেলে শ্যামল রাজভরকে (২৪) আটক করে পুলিশে সোপর্দ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চল্লিশা ইউনিয়ন পরিষদের বিপরীত পাশে মগড়া নদীর তীরবর্তী একটি টিনশেড ঘরে স্বামী শ্যাম লাল রাজভরের সঙ্গে বসবাস করতেন আবুনি রাজভর। তাঁদের ছেলে শ্যামল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন আচরণ করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

মঙ্গলবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে শ্যামল মায়ের কাছে খাবার চান। এ সময় মা তাঁকে কিছুক্ষণ অপেক্ষা করতে বললে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে ঘরে থাকা একটি লোহার শাবল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার এবং নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত শ্যামল রাজভরকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...