বিজ্ঞাপন
শনিবার (২০ জুন) দুপুরে ঢাকার আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের এই জমকালো ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
মাঠের লড়াইয়ে দুই দলের ক্ষুদে খেলোয়াড়রাই শুরু থেকে আক্রমণ-প্রতিআক্রমণে মেতে উঠলে গ্যালারিজুড়ে দর্শকদের তুমুল করতালির গর্জন ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে ম্যাচের ভাগ্য গড়ে দেয় বরিশালের দাঁড়িয়াল মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনবদ্য একটি গোল। শেষ পর্যন্ত ১-০ গোলের এই একমাত্র জয়সূচক ব্যবধানে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে শিরোপা উঁচিয়ে ধরে বরিশালের ক্ষুদে ফুটবলাররা।
টুর্নামেন্টের এই সমাপনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে ট্রফি তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে দুপুরের দিকে টুর্নামেন্টের জমকালো ফাইনালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
খেলা চলাকালীন মাঠে উপস্থিত থেকে ক্ষুদে খেলোয়াড়দের অনুপ্রাণিত করেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, বরিশালের জেলা প্রশাসক, বাকেরগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি খায়রুল আলম সুমন এবং বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিল্টন চন্দ্র পাল। উপস্থিত অতিথিবৃন্দ আশা প্রকাশ করে বলেন, তৃণমূল পর্যায় থেকে উঠে আসা ফুটবলের এমন জোয়ার ও উৎসবমুখর আয়োজন ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।
জাতীয় পর্যায়ের এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় পুরো বরিশাল বিভাগ জুড়ে এখন আনন্দের বন্যা বইছে। ক্ষুদে ফুটবলারদের মাধ্যমে জাতীয় পর্যায়ে বরিশাল বিভাগের মান উজ্জ্বল করা এবং খেলায় কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সংশ্লিষ্ট বিদ্যালয়ের টিমের খেলোয়াড়, শিক্ষক, কোচসহ সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বরিশাল-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...