Logo Logo

চার দফা দাবিতে গোবিপ্রবি’র ASVM ফ্যাকাল্টির শিক্ষার্থীদের মানববন্ধন


Splash Image

চার দফা যৌক্তিক দাবি বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (ASVM) অনুষদের শিক্ষার্থীরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। এ সময় শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন অনুষদের শিক্ষকবৃন্দও।


বিজ্ঞাপন


গত বৃহস্পতিবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে অনুষদের শিক্ষার্থীরা অংশ নিয়ে তাদের দীর্ঘদিনের পেশাগত ও একাডেমিক বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং দ্রুত সমাধানের দাবি জানান।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, দেশের প্রাণিসম্পদ ও ভেটেরিনারি খাতের উন্নয়নে কম্বাইন্ড ডিগ্রিধারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও বিভিন্ন ক্ষেত্রে তারা কাঙ্ক্ষিত মূল্যায়ন ও সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে উচ্চশিক্ষা, চাকরি এবং পেশাগত অগ্রগতিতে নানা জটিলতার মুখোমুখি হতে হচ্ছে।

শিক্ষার্থীদের উত্থাপিত চার দফা দাবির মধ্যে রয়েছে— কম্বাইন্ড ডিগ্রি (B.Sc. Vet. Sci. & A.H.)-এর জন্য বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) লিখিত পরীক্ষায় স্বতন্ত্র কোড চালু, প্রাণিসম্পদ খাতের বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নিয়োগবিধিতে কম্বাইন্ড ডিগ্রি অন্তর্ভুক্ত করা, ইন্টার্ন ভেটেরিনারি চিকিৎসকদের ভাতা এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের ভাতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা এবং তাদের জন্য টিএ/ডিএ চালু করা, পাশাপাশি ৪৭তম বিসিএসে কম্বাইন্ড ডিগ্রিধারীদের প্রফেশনাল ক্যাডারে সুপারিশ না পাওয়ার কারণ তদন্ত করে দ্রুত সমস্যার সমাধান নিশ্চিত করা।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, এসব দাবি কোনো বিশেষ সুবিধা আদায়ের জন্য নয়; বরং বিদ্যমান বৈষম্য দূর করে ন্যায্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে উত্থাপন করা হয়েছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান।

এ সময় অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষকরা শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক উল্লেখ করে তাদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন। তারা বলেন, ভেটেরিনারি শিক্ষার্থীদের পেশাগত মর্যাদা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা দ্রুত চার দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, দাবি পূরণ না হলে ভবিষ্যতে শান্তিপূর্ণ কর্মসূচি আরও বিস্তৃত আকারে চালিয়ে যাওয়া হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...