বিজ্ঞাপন
সোমবার (২৭ জুলাই) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ রুটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী স্পষ্ট জানান, ভবিষ্যতে এই রুট আর বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। এবার রুটটি লাভজনক হবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, উদ্বোধনী ফ্লাইটের পাশাপাশি এর ফিরতি ও পরবর্তী ফ্লাইটগুলোর অগ্রিম বুকিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সরাসরি ফ্লাইট চালুর এই পদক্ষেপে জাপানপ্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
আয়োজিত 'মিট অ্যান্ড গ্রিট' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলেই ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু করা সম্ভব হয়েছে এবং প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা বাস্তবায়ন করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। এর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং সহযোগিতার নতুন দিক উন্মোচিত হবে।
অনুষ্ঠানে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত জানান, জাপানে বসবাসরত প্রায় ৪৫ হাজার বাংলাদেশি শিক্ষার্থী, শ্রমিক ও অভিবাসীদের সুবিধার কথা বিবেচনায় রেখেই এই ফ্লাইট পুনরায় চালু করা হয়েছে। ফ্লাইট পরিচালনা যেন ভবিষ্যতে বাধাগ্রস্ত না হয়, সেজন্য বহরে শুধু বোয়িং নয়, এয়ারবাসের উড়োজাহাজও যুক্ত করার পরিকল্পনার কথা জানান তিনি।
ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, ১৯৮০ সালে উড়োজাহাজ স্বল্পতা থাকা সত্ত্বেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাপান-বাংলাদেশ সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে প্রথম ঢাকা-নারিতা ফ্লাইট চালু করেছিলেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আজ সাধারণ যাত্রীদের সেবায় ফ্লাইটটি পুনরায় শুরু করা হলো।
বক্তব্য শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রী জাপানগামী যাত্রীদের সাথে কুশল বিনিময় করেন এবং আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধনী ফ্লাইটের শুভ সূচনা করেন।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময়কালে ২০২৫ সালের ১ জুলাই ঢাকা-নারিতা রুটে সরাসরি ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ এক বছর পর আজ ২৭ জুলাই রাত ২টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৭৬ ফ্লাইটটি জাপানের নারিতা বিমানবন্দরের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...