Logo Logo

মাদারীপুরে গ্রাম্য দলাদলির জেরে পরিত্যক্ত ঘরে বোমা বিস্ফোরণের অভিযোগ


Splash Image

মাদারীপুরে গ্রাম্য দলাদলি ও পারিবারিক ক্ষোভের জেরে একটি পরিবারকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানোর উদ্দেশ্যে জরাজীর্ণ পরিত্যক্ত ঘরে হাতবোমা (ককটেল) বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।


বিজ্ঞাপন


সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঝিকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। এতে ঘরটির টিনের চালের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঝিকরহাটি গ্রামের বাসিন্দা জালাল খান দীর্ঘদিন ধরে এলাকায় থাকেন না, তবে সেখানে তার একটি পরিত্যক্ত টিনশেড ঘর রয়েছে। ঘরটির পাশে তার ভাতিজা ব্যবসায়ী পলাশ খান, রানা খান ও সোহাগ খানের একটি দোতলা ভবন রয়েছে, যেখানে সোহাগ খান পরিবারসহ বসবাস করেন।

সোহাগ খানের স্ত্রী তানিয়া আক্তার জানান, সোমবার সকালে তাঁতীবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় নতুন দোকান উদ্বোধনের মিলাদ মাহফিলে গ্রামের সবাইকে দাওয়াত দেওয়া সম্ভব হয়নি। সেই ক্ষোভ থেকেই গ্রামের দলাদলিতে যুক্ত প্রতিপক্ষ কোনো গোষ্ঠী তাদের ফাঁদে ফেলতে এ হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি আরও বলেন, বিকট শব্দে পুরো বাড়ি কেঁপে ওঠে এবং চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। পরবর্তীতে প্রতিবেশীরা এগিয়ে এলে দেখা যায় জালাল খানের অব্যবহৃত ঘরটিতে বিস্ফোরণ ঘটানো হয়েছে; এতে চালের টিন উড়ে গিয়ে হাঁ হয়ে যায়।

সংবাদ পেয়ে সোমবার রাতেই মাদারীপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছে।

সংঘটনের বিষয়ে ঢাকা থেকে সকালে বাড়ি আসা আরেক ভাতিজা রানা খান জানান, গ্রাম্য দলাদলি ও দাওয়াত না পাওয়ার ক্ষোভের জের ধরে অজ্ঞাত দুষ্কৃতকারীরা এই ঘটনা ঘটাতে পারে। কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা হয়—এ জন্য তিনি প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্তের দাবি জানান।

এ প্রসঙ্গে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সংবাদ পাওয়া মাত্রই পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তদন্ত সাপেক্ষে তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...