বিজ্ঞাপন
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ ও বিশ্বখ্যাত ক্রীড়াভিত্তিক মাধ্যম ‘ইএসপিএন’-এর তথ্যমতে, চুক্তি নবায়নের বিষয়ে ভিনিসিয়ুসকে দেওয়া রিয়ালের সর্বশেষ প্রস্তাবই চূড়ান্ত। ক্লাবের স্পষ্ট বার্তা—নতুন করে আর কোনো আলোচনায় বসা হবে না। ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড যদি রিয়ালের এই প্রস্তাবে সম্মতি না জানান, তবে চলতি গ্রীষ্মকালীন দলবদলেই তাঁর সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার পথ সুগম করে দেবে ক্লাব কর্তৃপক্ষ।
মূলত ভিনিসিয়ুসের চুক্তির মেয়াদ যেন শেষ বছরে না গড়ায় এবং পরবর্তীতে তিনি ‘ফ্রি ট্রান্সফারে’ বিনা মূল্যে অন্য ক্লাবে যাওয়ার সুযোগ না পান, সেই কৌশল থেকেই রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের এই কঠোর পদক্ষেপ।
ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, বেতন নিয়ে দু'পক্ষের খুব একটা মতপার্থক্য নেই। বর্তমানে বোনাসসহ ভিনিসিয়ুসের বার্ষিক আয় প্রায় ১ কোটি ৮৫ লাখ ইউরো, যেখানে ক্লাবের সর্বোচ্চ বেতনের সীমা ২ কোটি ইউরো। মূল বিরোধ তৈরি হয়েছে পাঁচ বছরের চুক্তির মোট আর্থিক অঙ্ক ও ‘সাইনিং বোনাস’ নিয়ে। রিয়ালের যুক্তি, ফ্রি-ট্রান্সফারে আসা ফুটবলারদের (যেমন কিলিয়ান এমবাপ্পে) মতো সাইনিং বোনাস বর্তমান খেলোয়াড়দের পাওয়া উচিত নয়। অন্যদিকে ভিনির প্রতিনিধিদের দাবি, দলবদলের বাজারে তাঁর বিকল্প খুঁজতে যে অর্থ রিয়ালের খরচ হতো, সেই তুলনায় তাদের চাওয়া একদমই যুক্তিযুক্ত।
মাদ্রিদের এই অভ্যন্তরীণ দ্বন্দ্বের মধ্যে জল মাপছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল। ইএসপিএন জানিয়েছে, ভিনিসিয়ুস রিয়াল ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলে তাঁকে দলে ভেড়ানোর দৌড়ে বেশ সুবিধাজনক অবস্থানে থাকবে গানাররা। তবে প্লেয়ারের ঘনিষ্ঠ সূত্র দাবি করেছে, এখনো আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তি বা সরাসরি যোগাযোগ তৈরি হয়নি।
২০১৮ সালে রিয়ালে যোগ দেওয়া ভিনিসিয়ুস দুটি চ্যাম্পিয়নস লিগ জিতে নিজেকে বিশ্বের অন্যতম সেরা হিসেবে প্রমাণ করেছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে রিয়ালের আক্রমণভাগে কার্লোস এস্পি ও ইয়ান দিওমান্দির মতো নতুন তারকাদের আগমনে নতুন কোচ জোসে মরিনিওর অধীনে তাঁর নির্ভরতা কিছুটা কমেছে। প্রাক্-মৌসুম অনুশীলনে ফেরার আগেই তাই নিজের ভবিষ্যতের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে এই ব্রাজিলিয়ান সুপারস্টারকে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...