Logo Logo

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলনের আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত


Splash Image

জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত লক্ষ্য ও চেতনা এখনো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়নি, উল্লেখ করে দেশ সংস্কারে প্রয়োজনে তরুণ প্রজন্মকে আরও ত্যাগ স্বীকারের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম। তিনি বলেন, সাময়িক অর্জনে আত্মতুষ্টির সুযোগ নেই; দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নৈতিক পুনর্জাগরণের সংগ্রামকে অব্যাহত রাখতে হবে।


বিজ্ঞাপন


গত সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেরে বাংলা হলের টিভি রুমে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ববি শাখার উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থানে অর্জন ও ক্যাম্পাস লাইফে শরীয়াহ’ শীর্ষক এক আলোচনা ও বিশেষ প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুফতি ফয়জুল করিম শিক্ষার্থীদের আধ্যাত্মিক উন্নয়ন ও চরিত্র গঠনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। মহাগ্রন্থ আল-কুরআনের উদাহরণের কথা উল্লেখ করে তিনি বলেন, "কুরআন শুরু হয়েছে 'লা রাইবা' (নিঃসন্দেহ) ঘোষণার মাধ্যমে এবং শেষ হয়েছে মানুষ ও জিন শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনার নির্দেশের মধ্য দিয়ে। বর্তমান সমাজে ছড়িয়ে থাকা 'মানুষ রূপী শয়তানদের' কুপ্রভাব থেকে নিজেদের রক্ষা করা জরুরি।" কাপড়ের ময়লা দূর করতে যেমন লন্ড্রিতে যেতে হয়, তেমনি আত্মার পরিশুদ্ধির জন্য ইমানদার ও আল্লাহভীরু মানুষের সান্নিধ্যে থাকার গুরুত্ব তুলে ধরেন তিনি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ববি শাখার সভাপতি আবু সালেহ মুহাম্মদ হাসিবুল্লাহ। তিনি তাঁর বক্তব্যে বলেন, অপসংস্কৃতির আগ্রাসনে যুবসমাজ এক তীব্র নৈতিক শূন্যতার মধ্য দিয়ে যাচ্ছে। এই অবক্ষয় দূর করতেই নিয়মিত ইসলাহী বা আত্মশুদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল মূলত আধিপত্যবাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের অপরাজেয় চেতনার এক ঐতিহাসিক প্রতীক।

অনুষ্ঠানে সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি, বিশ্ব পরাশক্তিগুলোর ভূমিকা এবং ক্যাম্পাস জীবনের সাথে ইসলামী নির্দেশনার সামঞ্জস্য নিয়ে বিস্তারিত উন্মুক্ত আলোচনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাসুদ মাহমুদ বলেন, "একজন শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতি এবং আন্তর্জাতিক ও দেশীয় প্রেক্ষাপট নিয়ে তাঁর তথ্যসমৃদ্ধ বিশ্লেষণ তরুণ শিক্ষার্থীদের জন্য অত্যন্ত শিক্ষণীয়।"

উল্লেখ্য, মূল অনুষ্ঠান শুরুর পূর্বে মুফতি ফয়জুল করীম বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আয়োজিত "জুলাইয়ের প্রথম স্বাধীন ক্যাম্পাস: গণমাধ্যমের চোখে বরিশাল বিশ্ববিদ্যালয়" শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় সাংবাদিক সমিতি ও ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে আয়োজকরা আশা প্রকাশ করেন, এই ধরনের বুদ্ধিবৃত্তিক ও আধ্যাত্মিক আয়োজন ক্যাম্পাসে নৈতিক ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরিতে অগ্রণী ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...