বিজ্ঞাপন
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঐতিহ্যবাহী বি.জি. সেনেরহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই ক্যাম্পের আয়োজন করা হয়। বাংলাদেশ মানব কল্যাণ পরিষদের উদ্যোগে এবং বি.জি. সেনেরহাট উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে এই মানবিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হয়।
ক্যাম্পে আসা স্থানীয় বিপুল সংখ্যক সাধারণ ও অসচ্ছল মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে ব্লাড প্রেশার (রক্তচাপ) ও ডায়াবেটিস পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়। এছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং নিয়মিত পরীক্ষা করার সুবিধার্থে অনুষ্ঠানে উপস্থিত প্রায় ৩০ জন দরিদ্র ডায়াবেটিস রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে ডায়াবেটিস মাপার ডিজিটাল মেশিন (গ্লুকোমিটার) বিতরণ করা হয়।
স্বাস্থ্য ক্যাম্পে উপস্থিত বক্তারা বলেন, "অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তরুণ ও যুবসমাজের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বর্তমান সময়ে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো নীরব ঘাতক রোগগুলো ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে। সচেতনতা ও নিয়মিত পরীক্ষার মাধ্যমেই কেবল এই রোগগুলো নিয়ন্ত্রণে রাখা সম্ভব।" সমাজের বৃত্তবানদের এই ধরনের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানব কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা মায়নাল হোসেন মারুফ, বি.জি. সেনেরহাট উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির প্রতিষ্ঠাতা ও চকবাজার ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি এ এম রিয়াজ কামাল হিরণ, অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও চকবাজার ব্লাড ডোনার্স ক্লাবের অর্থ সম্পাদক ফরহাদ হোসেন সাঈদ। কর্মসূচি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে স্থানীয় স্কাউট টিমের সদস্যবৃন্দ অক্লান্ত পরিশ্রম ও স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন।
বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস মেশিন পেয়ে এলাকার দরিদ্র রোগীরা অত্যন্ত আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আগামীতেও এই ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...