Logo Logo

গোপালগঞ্জে ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী হচ্ছেন আ. লীগ নেতা ছানোয়োর !


Splash Image

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নের রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপালগঞ্জ সদর উপজেলা শাখার কোষাধ্যক্ষ ও নিজড়া ইউনিয়নের বাসিন্দা সৌদিপ্রবাসী মো. ছানোয়ার হোসেন মোল্লা মিলন দলটির পদ ছেড়ে বেশ কয়েকজন নেতাকর্মী ও সমর্থককে সঙ্গে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন। আগামী ইউপি নির্বাচনে বিএনপির সমর্থনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি।


বিজ্ঞাপন


ছানোয়ার হোসেন মোল্লা বিগত দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার চেষ্টা করেন। তবে দুইবারই তাঁর সেই চেষ্টা ব্যর্থ হয়। রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি অনুসারী ও সমর্থকদের নিয়ে বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।

গত ৩ জুন নিজড়া ইউনিয়নের জাঙ্গাল বাজারে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের জনসভায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন ছানোয়ার হোসেন মোল্লা। এ সময় তিনি বেশ কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সংসদ সদস্যের হাতে ফুলের তোড়া তুলে দেন।

নিজড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম মিনা বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি নিজেই প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে পারিবারিকভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন। এ পরিস্থিতিতে দলীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে, আগামী নির্বাচনে মো. ছানোয়ার হোসেন মোল্লা বিএনপি-সমর্থিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এতে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে কোনো ধরনের বিভেদ তৈরি হবে না বলেও তিনি মনে করেন।

তবে আওয়ামী লীগের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জের এই ইউনিয়নে ছানোয়ার হোসেন মোল্লার দলবদল নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার লক্ষ্য থেকেই তিনি দল পরিবর্তন করেছেন বলে ধারণা করা হচ্ছে। তাঁর এই সিদ্ধান্ত বিএনপির তৃণমূল পর্যায়ে অসন্তোষ সৃষ্টি করতে পারে। পাশাপাশি আওয়ামী লীগ-সমর্থকেরা বিষয়টিকে কীভাবে গ্রহণ করেন, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বিশ্লেষকদের মতে, ছানোয়ার হোসেন মোল্লার দল পরিবর্তন নিজড়া ইউনিয়নের রাজনীতিতে নতুন মেরুকরণের সূচনা করেছে। আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রায় অনিশ্চিত হওয়ায় দলবদল করে বিএনপির প্রার্থী হওয়ার এই উদ্যোগ নির্বাচনী সমীকরণে কী প্রভাব ফেলে, তা দেখার বিষয়। এর প্রভাব ইউনিয়নের গণ্ডি পেরিয়ে গোপালগঞ্জ সদর উপজেলার রাজনীতিতেও পড়তে পারে বলে তাঁরা আশঙ্কা করছেন।

এ বিষয়ে ছানোয়ার হোসেন মোল্লা বলেন, “বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিজড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি দুইবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছি। প্রথমবার ভোট গ্রহণের মাত্র তিন দিন আগে বিভিন্ন চাপ ও প্রভাবের মাধ্যমে আমাকে নির্বাচন থেকে সরে যেতে বাধ্য করা হয়। দ্বিতীয়বারও নানা কৌশল ও অনিয়মের মাধ্যমে আমাকে বঞ্চিত করা হয়েছে।

“তৎকালীন সময়ে গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্যদের সঙ্গে দেখা করতে গেলে সাধারণ নেতাকর্মীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো। অথচ বর্তমান গোপালগঞ্জ-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য কে এম বাবর ভাই অত্যন্ত সহজ-সরল ও জনবান্ধব মানুষ। তাঁকে ডাকলেই পাওয়া যায়, তিনি সবার কথা মনোযোগ দিয়ে শোনেন। তাঁর নেতৃত্ব ও আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি বিএনপিতে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি। দল নির্বাচন করার সুযোগ দিলে নির্বাচন করব।”

সব মিলিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নিজড়া ইউনিয়নে দলীয় অবস্থান, প্রার্থী নির্বাচন এবং তৃণমূলের সমীকরণ নতুন করে আলোচনায় এসেছে। এখন ছানোয়ার হোসেন মোল্লার প্রার্থিতা এবং তাঁর দলবদল স্থানীয় ভোটের রাজনীতিতে কী প্রভাব ফেলে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...