বিজ্ঞাপন
এ উপলক্ষে আজ বুধবার (২৮ অক্টোবর) ইআরআরডি-সিএইচটি (ERRD-CHT) প্রকল্প এবং ‘অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে নারী ও মেয়ে শিশুদের ক্ষমতায়ন’ কম্পোনেন্টের উদ্যোগে উপজেলার দীঘলছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিলাইছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অসীম চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা নিরালা কান্তি চাকমা। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্ঞানেন্দু বিকাশ চাকমা এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কার্যালয়ের প্রশিক্ষক ভিক্টোরিয়া চাকমা। প্রকল্পের টেকনিক্যাল অফিসার ছন্দন ত্রিপুরার স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভাটি সঞ্চালনা করেন প্রকল্পের উপজেলা ফ্যাসিলিটেটর প্রজ্ঞা মিত্র চাকমা।
আলোচনা সভায় বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, সব ক্ষেত্রে নারীদের এগিয়ে নেওয়ার জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। মেয়ে শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করার মাধ্যমে তাদের অধিকার রক্ষায় অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সভায় বাল্যবিবাহের কুফল ও এর আইনগত দিক নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
এর আগে বাল্যবিবাহকে ‘না’ বলার প্রতিশ্রুতিস্বরূপ উপস্থিত মেয়ে শিক্ষার্থীদের কাছ থেকে ব্যানারে হাতের ছাপ সংগ্রহ করা হয়।
উল্লেখ্য, ইআরআরডি-সিএইচটি প্রকল্পের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কম্পোনেন্টটি তিন পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় নারী ও মেয়ে শিশুদের ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। এটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ (সেইফ স্পেস) তৈরি এবং সুপেয় পানির সুবিধাসহ মেয়েদের জন্য পৃথক শৌচাগার নির্মাণে সহায়তা প্রদান করছে, যেন শিক্ষার্থীরা নির্বিঘ্নে তাদের প্রয়োজন ও সমস্যার কথা প্রকাশ করতে পারে। এছাড়া বাল্যবিবাহ, যৌন হয়রানি ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণকে নিয়ে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি মেয়েদের প্রজনন ও মাসিক স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা তৈরি, ডিগনিটি কিট প্রদান, মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং শিক্ষকদের প্রশিক্ষণসহ নানা উন্নয়নমূলক পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...