Logo Logo

গুপ্ত-সুপ্ত একত্রিত হয়ে দেশে নতুন করে চক্রান্ত শুরু করেছে : এস এম জিলানী


Splash Image

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, “১৯৭১ সালের পরাজিত শক্তি বাংলাদেশে নতুনভাবে আবির্ভূত হয়েছে। এই শক্তি দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের সঙ্গে গুপ্ত অবস্থানে থেকে এ দেশে রাজনীতি করেছে। ৭১-এর পরাজিত এই গুপ্ত শক্তি ও ফ্যাসিস্ট শক্তি একত্র হয়ে বাংলাদেশে আবারও নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। এই দুই শক্তি মিলে একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে, যাতে তারা নতুন করে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে।”


বিজ্ঞাপন


বুধবার (২৮ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম জিলানী আরও বলেন, “আমি ভেবেছিলাম, দীর্ঘদিনের একটি রাজনৈতিক দল একটি নির্বাচিত সরকারকে দেশ পরিচালনার জন্য অন্তত এক বছর সময় দেবে। কিন্তু তারা তা না করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিরোধীদলীয় সংসদ নেতা সংসদে বসে এক কথা বলছেন, আর সংসদের বাইরে গিয়ে বলছেন ভিন্ন কথা। তারা কখনোই বাংলাদেশের রাষ্ট্রের পক্ষে ছিলেন না।”

উপজেলা যুবদলের আহ্বায়ক রঞ্জন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা যুবদলের সদস্যসচিব মান্নান শেখসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেন।

আলোচনা সভার আগে উপজেলা যুবদলের উদ্যোগে সংগঠনটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর মার্কেট চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়।

এর আগে এস এম জিলানী উপজেলার বাগান উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা ও আলোচনা সভায় যোগ দেন এবং বক্তব্য রাখেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...