বিজ্ঞাপন
ডার্বির কাউন্টি গ্রাউন্ডে জয়ের জন্য কেন্টের সামনে লক্ষ্য ছিল বিশাল—৪৩৪ রান। তবে বড় রান তাড়ায় নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি। মাত্র ৩৮ রানেই হারিয়ে বসে প্রথম ৫ উইকেট। স্বাভাবিকভাবেই জয়ের আশা শেষ হয়ে যায়, ম্যাচ বাঁচিয়ে ড্র করাই হয়ে দাঁড়ায় কেন্টের একমাত্র সমীকরণ। এমন কঠিন পরিস্থিতিতে ১০ নম্বর ব্যাটসম্যান হিসেবে ক্রিজে নামেন হাসান মাহমুদ। দিনের খেলা তখনো ২২ ওভার বাকি। উইকেটে জমে থাকা বার্টি ফোরম্যানের সঙ্গে মিলে রীতিমতো দেয়াল হয়ে দাঁড়ান হাসান। দুজনের ১০৫ বলের জুটিতে কেন্ট যখন ড্রয়ের স্বপ্ন দেখতে শুরু করে, ঠিক তখনই ধাক্কা খায় দলটি।
দলীয় ২৫১ রানে দিনের খেলা শেষ হতে ২৭ বল বাকি থাকতে এলবিডব্লিউ হয়ে ফেরেন ফোরম্যান। এরপর শেষ উইকেট বাঁচাতে হাসানের সঙ্গী হন কেন্টের জার্সিতে অভিষেক হওয়া আরেক বাংলাদেশি পেসার খালেদ আহমেদ। দুই প্রান্ত থেকে বাংলাদেশি দুই পেসার মিলে দিনের বাকি ওভারগুলো কাটিয়ে দিতে পারলে তা দলের জন্য বড় স্বস্তির গল্প হতে পারত। তবে দিনের আর মাত্র ১৫ বল বাকি থাকতে ব্রেট রানডেলের করা একটি ধারালো বাউন্সারে ক্যাচ তুলে দেন হাসান। থেমে যায় তাঁর ৪৮ বলে ৯ রানের লড়াকু ইনিংস, কেন্টও অলআউট হয়ে যায় ২৫১ রানে।
ম্যাচটি ড্র করতে পারলে তা কেন্টের জন্য জয়ের সমান আনন্দের হতো। কারণ পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ওঠার সুবর্ণ সুযোগ ছিল তাদের সামনে। নিয়ম অনুযায়ী ডিভিশন টুর শীর্ষ দুই দল জায়গা পাবে মূল কাউন্টি ডিভিশন ওয়ানে। বর্তমানে ২৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে ডারহাম এবং ১৭৫ পয়েন্ট নিয়ে দুইয়ে নর্থহ্যাম্পটনশায়ার। ডার্বিশায়ারের বিপক্ষে এ হারে দুই ম্যাচ হাতে রেখে ১৭৩ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানেই রইল কেন্ট, যা চলতি মৌসুমে তাদের দ্বিতীয় পরাজয়।
পরাজয়ের হতাশা থাকলেও কেন্টের হয়ে হাসান মাহমুদের ব্যক্তিগত পারফরম্যান্স ছিল দুর্দান্ত। মূল ব্যাটসম্যানদের ব্যর্থতায় তৈরি হওয়া ম্যাচ বাঁচানোর এই দায় হাসানকে দেওয়া অনুচিত; উল্টো ৪৮টি বল খেলে প্রতিরোধ গড়াটাই ছিল বাড়তি পাওয়া। ম্যাচের দুই ইনিংস মিলিয়ে বল হাতে ৭ উইকেট শিকার করেছেন তিনি। এ নিয়ে কেন্টের হয়ে খেলা চার ম্যাচে হাসানের ঝুলিতে জমা হলো মোট ২৬টি উইকেট। অন্যদিকে অভিষিক্ত খালেদ আহমেদ ম্যাচে নিয়েছেন ৩ উইকেট, যার প্রতিটিই এসেছিল প্রথম ইনিংসে। কেন্টের পরবর্তী ম্যাচ আগামী ১৫ সেপ্টেম্বর, ল্যাঙ্কশায়ারের বিপক্ষে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...