বিজ্ঞাপন
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের আয়োজনে পৌরসভা সভাকক্ষে এ উপলক্ষে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভিডিওর মাধ্যমে ঢাকা থেকে প্রচারিত ডেঙ্গু সচেতনতা বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থিত সবাইকে শোনানো হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র পাল। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অভ্রজিৎ বড়াল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন জমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার (শাহীন), বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
আলোচনা সভা শেষে পরিবেশ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পৌর ভবনের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে জেএসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে থানা ব্রিজ হয়ে বন্দরের পুরাতন লঞ্চঘাট ও পুলিশ সুপার মার্কেট এলাকা পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কের পাশ, ড্রেন, নালা ও বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার প্রজননস্থল ধ্বংসে কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল বলেন, ড্রেন, নালা, রাস্তার পাশসহ বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও পানি অপসারণের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাই এ অভিযানের মূল লক্ষ্য।
তিনি বলেন, “আসুন, নিজের ঘর ও আশপাশ পরিষ্কার রাখি, জমে থাকা পানি অপসারণ করি এবং সম্মিলিত উদ্যোগে ডেঙ্গুমুক্ত বাকেরগঞ্জ গড়ে তুলি।”
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...