বিজ্ঞাপন
শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সানকিরচর ইদগাহ জামে মসজিদের নাম প্রাথমিক তালিকায় দেখতে পেয়ে বিস্ময় প্রকাশ করেন এলাকাবাসী। তাদের দাবি, মসজিদটিতে নিয়মিত জুমার নামাজ আদায় করা হয় না। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের যাচাই-বাছাই শেষে শেষ পর্যন্ত মসজিদটির নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
ঘটনাটি সরেজমিনে তদন্ত করতে শুক্রবার (১১ সেপ্টেম্বর) ওই এলাকায় গিয়ে বেশ কিছু তথ্য পাওয়া যায়। স্থানীয়ভাবে সানকিরচর ইদগাহ জামে মসজিদ হিসেবে দেখানো স্থাপনাটি পরিদর্শন করে দেখা যায়, এটি জরাজীর্ণ অবকাঠামোর একটি সাধারণ ওয়াক্ত নামাজের মসজিদ। দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে গিয়েও জুমার নামাজ আয়োজনের কোনো আলামত পাওয়া যায়নি।
স্থানীয় ব্যক্তিবর্গ জানান, মসজিদটি কখনোই জামে মসজিদ ছিল না এবং এখানে জুমার নামাজ আদায় করা হয় না। সরকারি অনুদানের তালিকায় মসজিদটির নাম অন্তর্ভুক্তির বিষয়ে জানতে চাইলে স্থানীয়দের অভিযোগের তীর ওঠে মতিউর রহমান নামের এক ব্যক্তির দিকে। তিনি নিজেকে ওই মসজিদের ইমাম হিসেবে উল্লেখ করে মসজিদটিকে জামে মসজিদ হিসেবে দেখানোর চেষ্টা করেছিলেন বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় মুরুব্বিদের আরও অভিযোগ, মতিউর রহমান নিয়মিত ওয়াক্তের নামাজও পড়ান না। তবে এ বিষয়ে মতিউর রহমানের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে একটি আইনি জটিলতায় গ্রেপ্তার হয়ে আছেন। এ বিষয়ে তিনি কারও সঙ্গে আলাপ-আলোচনা করেছেন বলেও স্থানীয়দের বক্তব্যে জানা যায়নি।
এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজান বলেন, “প্রাথমিকভাবে এই নামের একটি জামে মসজিদের নাম জমা দেওয়া হয়েছিল। তবে যাচাই-বাছাই শেষে নির্দিষ্ট যোগ্যতা পূরণ না করায় চূড়ান্ত তালিকা থেকে ওই মসজিদের নাম বাদ দেওয়া হয়েছে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...