Logo Logo

টুঙ্গিপাড়ায় নোংরা পরিবেশে খাবার তৈরি, ২ হোটেলকে জরিমানা


Splash Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, সংরক্ষণ এবং পরিবেশনের অভিযোগে দুটি খাবার হোটেলকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


বিজ্ঞাপন


সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদারুল আলম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, হাসপাতাল সংলগ্ন এলাকার 'মায়ের দোয়া বিরিয়ানি হাউজ রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস' ও 'হাচিব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট'-এ দীর্ঘদিন ধরে চরম নোংরা পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও পরিবেশন করা হচ্ছিল। স্থানীয় এমন অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পান ভ্রাম্যমাণ আদালত। পরবর্তীতে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠান দুটিকে ৭ হাজার টাকা করে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি ভবিষ্যতে সম্পূর্ণ স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের জন্য রেস্তোরাঁ মালিকদের কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান শেষে টুঙ্গিপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম জানান, উপজেলার আরও একাধিক খাবারের হোটেলের অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশের বিষয়ে অভিযোগ রয়েছে, যা বর্তমানে প্রশাসনের নজরদারিতে রয়েছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনস্বাস্থ্য ঝুঁকিতে ফেলে কেউ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের তদারকিমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...