Logo Logo

গণরুমের সিট নিয়ে বিরোধ, গোবিপ্রবিতে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ


Splash Image

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শহীদ তিতুমীর হলের গণরুমের সিট বণ্টনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে। সংঘর্ষের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।


বিজ্ঞাপন


সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শহীদ তিতুমীর হলের গণরুমের সিট দখলকে কেন্দ্র করে ছাত্রদল নেতা শাহজাহান ও কর্মী তামিমের মধ্যে বাকবিতণ্ডার সূত্রপাত হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হন ছাত্রদল কর্মী বায়েজিদ। পরে তাঁর সঙ্গেও তামিমের কথা-কাটাকাটি হয় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, এ ঘটনার জের ধরে বিকেলে বিশ্ববিদ্যালয়ের নিউমার্কেট এলাকায় বায়েজিদের ওপর কয়েকজন ছাত্রদল নেতাকর্মী চড়াও হন। এ সময় তামিমের নেতৃত্বে তাঁকে শারীরিকভাবে হেনস্তা করা হয় বলে অভিযোগ উঠেছে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কয়েকজনকে বায়েজিদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়াতে দেখা যায়। তবে ভিডিওতে থাকা ব্যক্তিদের পরিচয় এবং ঘটনার সম্পূর্ণ প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে নিউমার্কেটের ঘটনার পর শহীদ তিতুমীর হলের সামনে দুই পক্ষের মধ্যে আবারও উত্তেজনা দেখা দেয়। সেখানে প্রক্টরিয়াল বডির উপস্থিতিতেই উভয় পক্ষের নেতাকর্মীদের ধস্তাধস্তিতে জড়াতে দেখা যায়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আহসান সৌরভ বলেন, “আজকে আর্কিটেকচার বিভাগের বিক্ষোভের সময় এদিকে ছিলাম। পরে মারামারির খবর পাই। সেখানে গিয়ে দুই পক্ষকে শান্ত করি। আগামীকাল তদন্ত কমিটি গঠিত হবে এবং জড়িতদের বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তের মাধ্যমে সংঘর্ষের প্রকৃত কারণ এবং এতে জড়িতদের শনাক্ত করে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবেদক- শাকিল আহমেদ, গোবিপ্রবি প্রতিনিধি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...