Logo Logo

শিক্ষক সংকট নিরসনে আন্দোলন, দীর্ঘ অবরোধের পর মুক্ত গোবিপ্রবি উপাচার্য


Splash Image

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) আর্কিটেকচার বিভাগে শিক্ষক সংকট নিরসন ও ১৬ জন শিক্ষক নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রায় আট ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।


বিজ্ঞাপন


গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের হস্তক্ষেপ ও আশ্বাসের পর সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জানা যায়, আর্কিটেকচার বিভাগে শিক্ষক সংকট নিরসনের দাবিতে সোমবার সকাল থেকে আন্দোলন শুরু করেন বিভাগের শিক্ষার্থীরা। একপর্যায়ে দুপুর ১২টার দিকে তাঁরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরের সামনে অবস্থান নিয়ে তাঁকে অবরুদ্ধ করে রাখেন। এরপর দীর্ঘ সময় নিজ দপ্তরেই অবস্থান করেন উপাচার্য।

আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্য ও প্রক্টরিয়াল বডির সদস্যদের কয়েক দফা আলোচনা হয়। তবে শিক্ষার্থীদের দাবি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থানের মধ্যে মতবিরোধ থাকায় আলোচনায় তাৎক্ষণিক কোনো সমাধান হয়নি। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনাও ঘটে। ফলে শিক্ষার্থীরা আন্দোলন ও অবরোধ কর্মসূচি অব্যাহত রাখেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, বর্তমানে আর্কিটেকচার বিভাগে মাত্র তিনজন শিক্ষক কর্মরত রয়েছেন। এতে একাধিক ব্যাচের নিয়মিত ক্লাস, পরীক্ষা, খাতা মূল্যায়নসহ বিভিন্ন একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি অধিকাংশ ব্যাচ সেশনজটে পড়েছে বলেও দাবি করেন তাঁরা।

একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখতে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে জরুরি ভিত্তিতে মোট ১৬ জন শিক্ষক নিয়োগের দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

এদিকে, আন্দোলন চলাকালে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাঁদের চিকিৎসার জন্য গোপালগঞ্জ মেডিকেল কলেজে নেওয়া হয়।

পরে সোমবার রাতে ঘটনাস্থলে উপস্থিত হন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করেন।

এ সময় তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করে জানান, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় শিক্ষার্থীদের ১০ সদস্যের প্রতিনিধি দল, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং তিনি নিজে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) যাবেন। সেখানে আর্কিটেকচার বিভাগের শিক্ষক সংকট ও ১৬ জন শিক্ষক নিয়োগের বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।

সংসদ সদস্যের এমন আশ্বাসের পর শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন। এতে প্রায় আট ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। পরে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হয়।

প্রতিবেদক- শাকিল আহমেদ, গোবিপ্রবি প্রতিনিধি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...