Logo Logo

নেত্রকোনায় ৮০টি ভুয়া এনআইডিসহ এক যুবক গ্রেপ্তার


Splash Image

নেত্রকোণা শহরে জাল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি ও সরবরাহের অভিযোগে রবিউল ইসলাম রনি (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে নেত্রকোণা পৌরসভার পুরাতন কোর্ট রোড এলাকার দত্ত মার্কেটের ‘সিদ্দিক কর্ণার ভ্যারাইটিস স্টোর’-এ অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তার রবিউল ইসলাম রনি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার গাংগাইর গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। অভিযানের সময় তার হেফাজত থেকে বিপুল পরিমাণ মুদ্রিত জাল এনআইডি ও স্মার্টফোনে সংরক্ষিত সফটকপি উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোণা জেলা পুলিশ সুপারের সরাসরি দিকনির্দেশনায় উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে দত্ত মার্কেটের ওই দোকানে অভিযান চালায়। সন্দেহভাজন হিসেবে রবিউলের দেহ তল্লাশি করা হলে তার কাছ থেকে সাত কপি এ৪ কাগজে প্রিন্ট করা জাল জাতীয় পরিচয়পত্র এবং ছয় কপি এ৪ কাগজে প্রিন্ট করা পরিচয়পত্রের পেছনের অংশের ছবি জব্দ করা হয়।

উদ্ধারকৃত কার্ডগুলো পর্যালোচনা করে গোয়েন্দা পুলিশ দেখতে পায়, প্রতিটি পরিচয়পত্রে ভিন্ন ভিন্ন নাম, পিতার নাম, জন্মতারিখ ও আইডি নম্বর বসানো হলেও ছবি ব্যবহার করা হয়েছে একই ব্যক্তির। একইভাবে কার্ডের পেছনের অংশগুলোতে ভিন্ন ভিন্ন ঠিকানা মুদ্রণ করা ছিল।

পরবর্তীতে তল্লাশির অংশ হিসেবে রবিউলের ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করে ফরেনসিক পরীক্ষা চালায় পুলিশ। মোবাইলটির হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে অন্য একটি নম্বরে আদান-প্রদানকৃত ৮০টি জাল জাতীয় পরিচয়পত্রের সফটকপি শনাক্ত করা হয়। ডিজিটালভাবে প্রস্তুতকৃত এই ৮০টি এনআইডিতেও একই ব্যক্তির ছবি সংযুক্ত রেখে বিভিন্ন ভুয়া নাম, পরিচয় ও নম্বর জালিয়াতি করা হয়েছিল।

ডিবি কর্মকর্তারা জানান, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে একটি চক্র দীর্ঘদিন ধরে সরকারি গুরুত্বপূর্ণ নথি জালিয়াতির সাথে যুক্ত রয়েছে। রবিউল এই চক্রের সঙ্গে সম্পৃক্ত থেকে আর্থিক সুবিধা নেওয়ার উদ্দেশ্যে এসব অবৈধ পরিচয়পত্র তৈরি করছিল। এই চক্রের সাথে স্থানীয় কোনো প্রেস বা কারিগরি চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় নেত্রকোণা মডেল থানায় সংশ্লিষ্ট আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার রবিউল ইসলাম রনিকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা পুলিশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...