Logo Logo

হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে দালালের দৌরাত্ম্য, ভোগান্তিতে রোগীরা


Splash Image

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিন দিন বেড়েই চলেছে দালালদের দৌরাত্ম্য। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসহায় ও সাধারণ রোগীদের টার্গেট করে সক্রিয় রয়েছে একটি সংঘবদ্ধ দালাল চক্র। তাদের দৌরাত্ম্যে একদিকে যেমন সরকারি চিকিৎসাসেবা নিয়ে বিভ্রান্ত হচ্ছেন রোগীরা, অন্যদিকে বাড়তি অর্থ ব্যয় করে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন অনেকে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল থেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটক, জরুরি বিভাগ এবং বহির্বিভাগের টিকিট কাউন্টারের আশপাশে অবস্থান নেয় দালালরা। বিশেষ করে গ্রামাঞ্চল থেকে আসা রোগী ও তাদের স্বজনদের টার্গেট করে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করে তারা।

দালালরা রোগীদের কাছে সরকারি হাসপাতালে ভালো চিকিৎসা হয় না, চিকিৎসক নেই কিংবা কাঙ্ক্ষিত সেবা পাওয়া যাবে না—এমন নানা ধরনের ভুল তথ্য উপস্থাপন করে। পরে তাদের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়। অভিযোগ রয়েছে, রোগী ভাগিয়ে নেওয়ার বিনিময়ে সংশ্লিষ্ট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন পেয়ে থাকে দালালরা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক রোগী জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশের পরপরই দালালরা তাদের ঘিরে ধরে। নানা ধরনের কথাবার্তা বলে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। অনেকেই তাদের কথায় প্রভাবিত হয়ে সরকারি হাসপাতাল থেকে বেসরকারি ক্লিনিকে যেতে বাধ্য হন। এতে চিকিৎসার পাশাপাশি অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে সাধারণ রোগীদের।

এ বিষয়ে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন বলেন, “এদের কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তি বাড়ছে দিন দিন। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। হাসপাতালকে দালালমুক্ত করতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।”

সচেতন মহল মনে করছে, সরকারি স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা ধরে রাখতে দ্রুত হাসপাতাল চত্বর দালালমুক্ত করা জরুরি। একই সঙ্গে রোগীদের হয়রানি ও প্রতারণা বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। তাদের দাবি, অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নিরাপদ ও নির্বিঘ্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা হোক।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...