বিজ্ঞাপন
বুধবার (০৪ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সরকারের এই সিদ্ধান্তের কথা জানানো হয়। গঠিত কমিশনটি অন্তর্বর্তী সরকারের আমলের (৮ আগস্ট ২০২৪ থেকে ১৭ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত) যাবতীয় দায়দায়িত্ব ও অনিয়ম খতিয়ে দেখবে।
হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মামনুন রহমানকে এই কমিশনের সভাপতি মনোনীত করা হয়েছে। কমিশনের অন্য দুই সদস্য হলেন— বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর এবং স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম।
কমিশনকে কার্যক্রম শুরুর পর থেকে আগামী ৬০ কর্মদিবসের মধ্যে তাদের বিষদ তদন্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
গঠিত এই কমিশন মূলত হামের টিকা ক্রয় এবং তা দেশের সার্বিক বিতরণ ব্যবস্থার ধীরগতি, বিভিন্ন অনিয়ম ও প্রশাসনিক ব্যর্থতার মূল কারণ অনুসন্ধান করবে। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও স্পর্শকাতর ঘটনার পুনরাবৃত্তি প্রতিরোধে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সুপারিশমালা প্রণয়ন করবে।
সুষ্ঠু তদন্ত নিশ্চিতের স্বার্থে কমিশনকে বিশেষ ক্ষমতা প্রদান করা হয়েছে। এর আওতায় তদন্ত চলাকালে সংশ্লিষ্ট যেকোনো ব্যক্তিকে তলব করা ও জিজ্ঞাসাবাদের একচ্ছত্র এক্তিয়ার থাকবে কমিশনের। পাশাপাশি প্রয়োজনানুসারে দেশের যেকোনো স্থান সরেজমিনে পরিদর্শনের অধিকার দেওয়া হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ এই শক্তিশালী কমিশনকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান করবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...