বিজ্ঞাপন
‘দ্য বেস্ট রিয়েল শুটিং গেম’ স্লোগান নিয়ে আসা এই সংস্করণের অন্যতম আকর্ষণ ছোট ডাউনলোড আকার। শুরুতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ০.৯৬ গিগাবাইটের কম ডেটা ডাউনলোড করতে হবে। গেম চালুর সময় থেকেই এতে জনপ্রিয় এরাঙ্গেল মানচিত্র ও ক্ল্যাসিক ব্যাটল রয়্যাল মোড পাওয়া যাবে। ফলে আলাদা করে এসব উপকরণ ডাউনলোডের অপেক্ষা ছাড়াই খেলা শুরু করা যাবে। পরে প্রয়োজন অনুযায়ী অন্য মানচিত্র, মোড ও বিভিন্ন ইভেন্টের উপকরণ ডাউনলোডের সুযোগ থাকবে।
হালকা সংস্করণ হলেও মূল পাবজি মোবাইলের সঙ্গে সংযোগ বজায় থাকবে ফ্ল্যাশের। খেলোয়াড়েরা নিজেদের আগের অ্যাকাউন্ট, বন্ধুদের তালিকা ও গেমের বিভিন্ন সম্পদ ব্যবহার করতে পারবেন। পাশাপাশি দুই সংস্করণের খেলোয়াড়েরা একই ম্যাচমেকিং ব্যবস্থায় একসঙ্গে খেলতে পারবেন। ফলে বন্ধুদের সঙ্গে খেলার জন্য সবাইকে একই সংস্করণ ব্যবহার করতে হবে না।
কম ও মাঝারি ক্ষমতার স্মার্টফোনে খেলার অভিজ্ঞতা উন্নত করতে ফ্ল্যাশের গ্রাফিকসেও বিশেষ পরিবর্তন আনা হয়েছে। বেটা সংস্করণের তুলনায় গড় ফ্রেমরেট ১০ শতাংশ বাড়ানো এবং স্থিতিশীলতা ১০ শতাংশ উন্নত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে মেমোরির ব্যবহার ১২ শতাংশ এবং শক্তি খরচ ৩ শতাংশ কমানোর পরিকল্পনা রয়েছে। গেম চালু হওয়া এবং ম্যাচ শুরুর আগে লোড হওয়ার সময় কমিয়ে আনার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করতে ফ্ল্যাশে যুক্ত করা হয়েছে পূর্ণাঙ্গ ব্যানপ্যান নিরাপত্তাব্যবস্থা। এর আওতায় খেলা চলাকালে নজরদারি, নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং সংশ্লিষ্ট কর্মীদের মাধ্যমে অভিযোগ পর্যালোচনার সুযোগ থাকবে।
গেমটি খেলতে স্মার্টফোনে অন্তত ২ গিগাবাইট র্যাম থাকতে হবে। ডিভাইসের সক্ষমতা ও সামঞ্জস্য অনুযায়ী প্রতি সেকেন্ডে ২৫, ৩০, ৪০ ও ৬০ ফ্রেমে (এফপিএস) খেলার সুযোগ পাওয়া যাবে।
পরিচিত যুদ্ধক্ষেত্র, পুরোনো অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা এবং কম ডাউনলোড আকারের সমন্বয়ে আরও বেশি স্মার্টফোন ব্যবহারকারীর কাছে পৌঁছাতে চায় পাবজি মোবাইল। বাংলাদেশে আগামী ১৩ নভেম্বর থেকে যাত্রা শুরু করবে নতুন এই সংস্করণ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...