বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে হাসপাতাল এসআরবি-৯ ও জেলা প্রশাসনের দালাল বিরোধী একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে ০৭ জন দালালকে আটক করা হয়। তাদের মধ্যে ০৬ জন পুরুষ এবং ০১ জন মহিলা।
অভিযানে নেতৃত্ব দেন এসআরবি-৯ এর সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ নরুন্নবী ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সৈকত ভট্টাচার্য। আটককৃতদের মধ্যে ০৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ০২ জনকে অর্থদণ্ড প্রদান করেন।
দন্ডিতরা হলেন,দালাল চক্রের মুলহোতা মোঃ জালাল - ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড,মোঃ তাইফ -০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ,মামুন মিয়া -০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড, অন্তর মিয়া -০৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, শিপন মিয়া -০৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, নার্গিস - ৩০০০ টাকা অর্থদন্ড, অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড, সাব্বির মিয়া - ২০০০ টাকা অর্থদন্ড।
অভিযান চলাকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বহির্বিভাগ, জরুরি বিভাগ ও হাসপাতাল চত্বরে তল্লাশি চালানো হয়। এ সময় রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসা ও অন্যান্য সেবা পাইয়ে দেওয়ার নামে হয়রানি এবং দালালি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয়।
এসআরবি-৯ এর সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ নরুন্নবী বলেন, দীর্ঘদিন ধরেই ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের একটি অংশের বিরুদ্ধে দালালদের হয়রানি, বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে রোগী ভাগিয়ে নেওয়া এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চল থেকে আসা অসহায় রোগী ও স্বজনরা এসব দালালের খপ্পরে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। তার পরিপ্রেক্ষিতে এসআরবি-৯ ও জেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করে। এসময় হাতেনাতে ৭ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এসব অভিযান চলতে থাকবে এবং সকলের সহযোগিতা কামনা করছি।
এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষের নজরদারি ও নিরাপত্তাব্যবস্থা থাকা সত্ত্বেও হাসপাতালে কীভাবে দালালদের তৎপরতা চলে আসছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...