বিজ্ঞাপন
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে তদন্ত কমিটির সদস্যরা দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের বাড়িতে যান। এ সময় তারা আগুনে পুড়ে যাওয়া বাড়িটি ঘুরে দেখেন এবং পরে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য লিপিবদ্ধ করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলামকে। সদস্যসচিব হিসেবে রয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদ। কমিটির অন্য দুই সদস্য হলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের সহকারী পরিচালক (প্রশাসন) মেজর আশরারুল হক এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলওয়ার হোসেন।
আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিটির আহ্বায়ক।
তিনি বলেন, বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার থেকেই তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন, বিভিন্ন ব্যক্তির বক্তব্য গ্রহণ এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়া হবে।
কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলওয়ার হোসেন বলেন, বিভিন্ন ব্যক্তির বক্তব্য ও ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের জবানবন্দি নেওয়াসহ সরকারি বিভিন্ন সংস্থার সহযোগিতায় তদন্ত কার্যক্রম চলছে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় একটি মামলা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের দুটি দল মাঠে কাজ করছে।
এদিকে, এ ঘটনায় সংসদ সদস্য নুসরাত তাবাসসুম নিজে বাদী হয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে দৌলতপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আট শীর্ষ নেতাকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, বুধবার দিবাগত মধ্যরাতে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নুসরাত তাবাসসুম ও তার পরিবারের দাবি, পতিত আওয়ামী লীগের লোকজন বাড়িটিতে পেট্রোল বোমা হামলা চালালে আগুনের সূত্রপাত হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...